সিল্কসিটিনিউজ ডেস্ক:
ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজ হওয়ার এক রাত পর ধানক্ষেত থেকে জাকিয়া (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের কালিয়া বিলের হাজী মকবুল মৌলবির ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জাকিয়া পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার বিড়ালিয়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে। প্রায় ১০ বছর আগে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে সে মুক্তাগাছার দাওগাঁও গ্রামে নানা আইয়ুব আলীর বাড়িতে বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে জাকিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন বুধবার সকালে স্থানীয় এক কৃষক কালিয়া বিলের ধানক্ষেতে জাকিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা কিশোরীকে ধর্ষণের উদ্দেশ্যে নির্জন ওই ধানক্ষেতে নিয়ে গিয়েছিল। পরে তার নিজের লাল ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে যায়।
মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন