
মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে বিএনপির কথিত এক নেতাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মানকোন করমোল্লাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল সাজ্জাদ মিয়ার বাগানবাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে শফিকুল ইসলাম শফিক (৪৫)সহ ছয়জনকে আটক করা হয়।
আটক অন্যরা হলেন-সুরুজ আলী (৪০), রফিকুল ইসলাম (২৭), শাহজাহান (৫০), সফুর উদ্দিন (৩৫) ও হাবিবুর রহমান (৪৫)। তাদের সবার বাড়ি মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, শফিকুল ইসলাম শফিক উপজেলার মানকোন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৫১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্য এবং একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডিল ৫২টি তাস, একটি প্লাস্টিকের চট এবং নগদ ৮৩০ টাকা জব্দ করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে জব্দ তালিকা প্রস্তুত করে আসামিদের থানায় নেওয়া হয়।
স্থানীয়রা জানান, দলীয় পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে শফিকুল ইসলাম ও তার ছোট ভাই মনিরুল ইসলামের ফিসারির ঘরে জুয়ার আসর বসত। এ বিষয়ে স্থানীয় যুবকেরা তাকে আগেও সতর্ক করেছিলেন বলে দাবি করেন তারা।
উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন বলেন, এই নামে কাউকে আমি চিনি না। তবে তিনি যদি কোনো কমিটিতে থেকে থাকেন, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। দলের পরিচয় দিয়ে কেউ পার পাবে না।
মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খান জানান, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে নিজেদের পেশাদার জুয়া খেলোয়াড় বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

