নেত্রকোনার কলমাকান্দায় অভিযান চালিয়ে ৩২ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে কলমাকান্দা বাজারের রেন্ট্রিতলা এলাকায় পাহাড়ী ট্রাভেলসের বাস কাউন্টারের সামনে থেকে আট বোতল মদসহ জাকির হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রংছাতি ইউনিয়নের সন্নাসীপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও ২৪ বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় সুমন মিয়া (২৬) নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে সারোয়ার হোসেন (৩১) নামের আরেক ব্যক্তি পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রংছাতি ইউনিয়ন থেকে পাহাড়ী ট্রাভেলসের বাসে করে ভারতীয় মদ কলমাকান্দা বাজারে আনা হচ্ছে। পরে রাত ৯টা ৫৫ মিনিটে বাস কাউন্টারের সামনে বাসটিতে তল্লাশি চালিয়ে জাকিরের ব্যাগ থেকে আট বোতল মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
পরে জাকিরকে নিয়ে সন্নাসীপাড়ায় সারোয়ারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সারোয়ার পালিয়ে যান। পরে বাড়ির পেছনের ধানক্ষেত থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা আরও ২৪ বোতল মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছেন, উদ্ধার করা মদ গাজীপুরে পৌঁছে দেওয়ার জন্য তাঁকে দেওয়া হয়েছিল। এ ঘটনায় জাকির, সুমন ও সারোয়ারের বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে আমদানিনিষিদ্ধ মদ আনা ও বিক্রির অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।।
মন্তব্য করুন