খালিয়াজুরী সংবাদদাতা : নেত্রকোণার খালিয়াজুরীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা শহীদ মিনার চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খালিয়াজুরী নতুন বাজার হয়ে হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে হরি মন্দির প্রাঙ্গণে খালিয়াজুরী পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক পাণ্ডব সরকারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাবু হরলাল সরকার।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় খালিয়াজুরী পূজা উদ্যাপন ফ্রন্টের সদস্যসহ স্থানীয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন