শেরপুরের নকলায় অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ও ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের হুজুরীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. নাসিম উদ্দিন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয়রা বলেন, সন্ধ্যায় হুজুরীকান্দা গ্রামের প্রতিবন্ধী সিফাতের দুচালা ঘরের বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন পাশের আরিফুল ইসলামের হাফ-বিল্ডিং ঘরেও ছড়িয়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
খবর পেয়ে শেরপুর সদর ও নালিতাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. নাসিম উদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক পাম্প সেট করে দুটি লাইন দিয়ে আগুন নেভাতে সক্ষম হই।”
ততক্ষণে দুটি ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত দুই পরিবার।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
মন্তব্য করুন