নালিতাবাড়ী প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরান চীনের স্বনামধন্য Zhejiang A&F University (ZAFU)-তে পূর্ণ স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের Forestry প্রোগ্রামে তিনি পিএইচডি করবেন। আগামী সেপ্টেম্বর মাসে চীনে গিয়ে বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এ সময় তিনি যোগানীয়া ইউনিয়নের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। কৃষি বিভাগের দায়িত্বের পাশাপাশি প্রশাসনিক দায়িত্বও সমন্বয়ের মাধ্যমে পালন করেন তিনি।
রাশিদুজ্জামানের শিক্ষাজীবনও কৃতিত্বপূর্ণ। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU) থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জনের পর Biochemistry বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। স্নাতকোত্তর পর্যায়ে তাঁর একাডেমিক ফলাফলও উল্লেখযোগ্য। দীর্ঘদিন ধরে কৃষি, খাদ্যবিজ্ঞান, বায়োকেমিস্ট্রি, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও মানবস্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাঁর গবেষণার আগ্রহ রয়েছে।
পিএইচডি পর্যায়ে রাশিদুজ্জামানের গবেষণার অন্যতম আগ্রহের ক্ষেত্র হলো Quercetin-এর epigenetic mechanism ও transgenerational immune regulation। অর্থাৎ খাদ্যজাত প্রাকৃতিক যৌগ কীভাবে জিনের কার্যক্রম, এপিজেনেটিক পরিবর্তন এবং পরবর্তী প্রজন্মের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে, তা নিয়ে তিনি গবেষণা করতে আগ্রহী।
গবেষণার ক্ষেত্রে তাঁর একাধিক বৈজ্ঞানিক প্রকাশনাও রয়েছে। তাঁর গবেষণার আগ্রহের মধ্যে quercetin ও অন্যান্য flavonoid, antioxidant, functional food, obesity ও insulin resistance, molecular biology, epigenetics এবং multi-omics উল্লেখযোগ্য। পিএইচডি পর্যায়ে আধুনিক molecular biology ও biotechnology-ভিত্তিক গবেষণার মাধ্যমে খাদ্যজাত প্রাকৃতিক যৌগের কার্যকারিতা ও সম্ভাব্য আন্তঃপ্রজন্মীয় প্রভাব নিয়ে আরও গভীরভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
চীনের Zhejiang A&F University কৃষি, বন, খাদ্যসম্পদ ও জীববিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য পরিচিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সেখানে সংশ্লিষ্ট গবেষণাগার ও অধ্যাপকদের তত্ত্বাবধানে রাশিদুজ্জামানের পিএইচডি গবেষণা পরিচালিত হবে। এ জন্য তিনি পূর্ণ স্কলারশিপ পেয়েছেন।
রাশিদুজ্জামানের পরিবারেও উচ্চশিক্ষা ও পেশাগত সাফল্যের দৃষ্টান্ত রয়েছে। তাঁর বড় ভাই জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা Food and Drug Administration (FDA)-এ কর্মরত। তাঁর বোনজামাইও একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা। তাঁদের বাবা ব্যবসার সঙ্গে যুক্ত এবং মা গৃহিণী।
একজন কৃষি ক্যাডার কর্মকর্তা হিসেবে মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কাজ করার পাশাপাশি উচ্চতর গবেষণায় যুক্ত হওয়ার সুযোগকে নিজের পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন রাশিদুজ্জামান ইমরান। ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতা দেশের কৃষি, খাদ্য ও পুষ্টি গবেষণা এবং কৃষিভিত্তিক জনস্বাস্থ্য উন্নয়নে কাজে লাগাতে চান তিনি।
তাঁর চীনে পূর্ণ স্কলারশিপে পিএইচডির সুযোগ পাওয়ার খবরে নালিতাবাড়ী কৃষি বিভাগ ও সহকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে রাশিদুজ্জামান ইমরান ভবিষ্যতে দেশের কৃষি ও গবেষণা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
মন্তব্য করুন