গৌরীপুর প্রতিনিধি: ‘ঐতিহ্য হারিয়ে গেলে ফিরিয়ে আনা যায় না’এই বার্তাকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে ১৯১১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরোনো মূল ভবন সংস্কার, সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের নতুন ভবনের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুবিয়া খাতুন নীপা।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ বদরুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।

এতে বক্তব্য দেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, সাবেক শিক্ষার্থী ও গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি ও সাবেক ভিপি মো. শামছুল হক শামসু, সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, গৌরীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, দৈনিক আগামীর সময়-এর গৌরীপুর প্রতিনিধি আরিফ আহম্মেদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনি, তৌহিদুল আমীন তুহিন, জুলাই যোদ্ধা বাহালুল মুন্সিসহ শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

সভায় শতবর্ষের সাক্ষী বিদ্যালয়ের পুরোনো মূল ভবনটির প্রয়োজনীয় সংস্কার, ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে সংরক্ষণ এবং ভবনের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়; এর সঙ্গে গৌরীপুরের শিক্ষা, ইতিহাস ও বহু প্রজন্মের স্মৃতি জড়িয়ে আছে। বিদ্যালয়ের ঐতিহ্যবাহী ভবনটি দীর্ঘদিন ধরে অসংখ্য শিক্ষার্থীর শিক্ষাজীবনের সাক্ষী। তাই ভবনটির স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি।

সভায় বক্তারা ভবনটির নিরাপত্তা জোরদার করার ওপরও গুরুত্ব দেন। তাঁদের অভিযোগ, সন্ধ্যার পর পুরোনো ভবনটিতে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায় এবং সেখানে মাদক সেবন, জুয়া ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ভবনের ঐতিহ্যবাহী দরজা-জানালা ও গ্রিলের কিছু অংশ চুরি হয়ে গেছে বলেও তাঁরা দাবি করেন।

এ পরিস্থিতিতে ঐতিহ্যবাহী ভবনটি রক্ষা, সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।