কিশোরগঞ্জ সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে হেলাল উদ্দিন ভূইয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পঞ্চবটী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ভূইয়া ঘোড়াকান্দা এলাকার মৃত জিন্নাত আলী ভূইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হেলাল উদ্দিন ভূইয়া পঞ্চবটী রেলওয়ের পুকুরে গোসল করতে নামেন। তিনি দুবার পানিতে ডুব দেওয়ার পর আর ভেসে না ওঠায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হুসেইন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। চিকিৎসকের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন