নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক শিশু এবং ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭৩ শিশু এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো পৃথক সামারিতে এসব তথ্য জানানো হয়।
হামসংক্রান্ত সামারিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ শিশু। বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১৬ শিশু।
চলতি বছরের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ২৯২ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৪ হাজার ১০৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং মারা গেছে ৭৩ শিশু।
হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির বয়স সাড়ে তিন বছর। গত ৬ সেপ্টেম্বর হামের উপসর্গ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শেরপুর সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোজাম্মেল হোসেন হাসপাতালে ভর্তি হন। পরে রোববার ভোররাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল থেকে পাঠানো ডেঙ্গু সামারিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ৪৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১২৪ জন। তাদের মধ্যে পুরুষ ৬৬, নারী ৪৭ ও শিশু ১১ জন।
চলতি বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২ হাজার ৪৬২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান হামের উপসর্গে শিশু এবং ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন