একসময় নদী ছিল ময়মনসিংহের মানুষের জীবন ও জীবিকার অন্যতম অবলম্বন। নদীর পানিতে গোসল, মাছ ধরা, কৃষিজমিতে সেচ, নৌপথে পণ্য পরিবহন—সবকিছুর সঙ্গেই জড়িয়ে ছিল নদী। নদীর পাড় ঘেঁষে গড়ে উঠেছিল বাজার, বসতি ও জনপদ। সেই নদীর অনেকগুলোর বুক এখন দখল-দূষণে সংকুচিত। কোথাও কালো পানি, কোথাও অস্বাভাবিক রঙের স্রোত, কোথাও আবর্জনার স্তূপ, আবার কোথাও জেগে উঠেছে ধু-ধু বালুচর।
সরকারি তালিকায় ময়মনসিংহ বিভাগে নদ-নদীর সংখ্যা ১৭৯টি। ২০২৪ সালের ২৭ অক্টোবর বিভাগীয় প্রশাসনের মাধ্যমে চার জেলার নদ-নদীর তালিকা জাতীয় নদী রক্ষা কমিশনে পাঠানো হয়। এতে নেত্রকোনায় ৯৪, ময়মনসিংহে ৫৯, জামালপুরে ১৫ ও শেরপুরে ১১টি নদ-নদীর তথ্য রয়েছে।
তবে তালিকায় নদীর সংখ্যা থাকলেও কোন নদী কতটা সংকটাপন্ন, কোথায় প্রবাহ বন্ধ হওয়ার পথে কিংবা কোথায় দখল-দূষণের মাত্রা কতটা—তার সমন্বিত সরকারি চিত্র এখনো স্পষ্ট নয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) মাঠপর্যায়ের গবেষণায় বিভাগের নয়টি নদ-নদীকে সবচেয়ে বেশি সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—ব্রহ্মপুত্র, সোমেশ্বরী, মহাদেও, সুতিয়া, সুতিখালী, খিরু, বানার, আইমান ও মগড়া।
ভালুকার হবিরবাড়ি এলাকায় লাউতি খালের পানির দিকে তাকালেই বোঝা যায় নদী-জলাশয়ের সংকট কতটা গভীর। স্থানীয়দের অভিযোগ, খালের পানি কালো হয়ে গেছে। সেই পানি গিয়ে মিশছে খিরু নদে। নদীর পাড়ে দাঁড়ালে তীব্র রাসায়নিক গন্ধও পাওয়া যায় বলে দাবি তাদের।
শিল্পাঞ্চল ঘেঁষা এই জলধারার পানি কৃষিকাজেও ব্যবহার করছেন স্থানীয়রা। কারণ বিকল্প সেচব্যবস্থা অনেক কৃষকের জন্য ব্যয়বহুল।
৬৫ বছর বয়সী কৃষক আব্দুল বারেক ১৬ কাঠা জমিতে আমন ও বোরো ধান চাষ করেন। তার অভিযোগ, লাউতি খালের কালো পানি জমিতে দিলে ধানের গোড়া পচে যায় এবং ফলনও খারাপ হয়।
ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, ভরাডোবা, হবিরবাড়ি ও মল্লিকবাড়ি এলাকায় শিল্পপ্রতিষ্ঠান বাড়ার সঙ্গে কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার তথ্য অনুযায়ী, শুধু ভরাডোবা ইউনিয়নেই প্রায় ৩৫০ একর ধানের জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে।
তিনি জানান, শিল্পবর্জ্যের কারণে মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে। ভারী ধাতুর উপস্থিতি বাড়ার আশঙ্কাও রয়েছে। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা ও খাল পুনঃখনন না হলে কৃষিতে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
ত্রিশালের বানার নদেও দেখা গেছে একই ধরনের সংকটের চিত্র। স্থানীয়দের অভিযোগ, নদীর পানির রং কখনো সাদা, কখনো নীল বা অন্য রঙের হয়ে যায়। শিল্পকারখানার তরল বর্জ্য নদে পড়ার কারণেই পানির এমন পরিবর্তন হচ্ছে বলে দাবি তাদের।
খিরু, বানার ও সুতিয়া নদ একসময় ছিল স্থানীয় জেলেদের জীবিকার প্রধান উৎস। সরকারি একটি প্রকল্পের আওতায় ২০১২ সালে ভালুকায় ২ হাজার ১ জন জেলে নিবন্ধিত হয়েছিলেন। তবে নদীতে মাছ কমে যাওয়ায় তাদের অনেকেই এখন পেশা বদলেছেন।
জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, মাছ ও জলজ প্রাণীর টিকে থাকার জন্য পানিতে দ্রবীভূত অক্সিজেন, পিএইচ ও অ্যামোনিয়ার মাত্রা গুরুত্বপূর্ণ। শিল্পবর্জ্য এসব সূচকের ভারসাম্য নষ্ট করলে জলজ প্রাণীর বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে।
৭৫ বছর বয়সী সামলাল রবি দাসের স্মৃতিতে খিরু নদ এখনো স্বচ্ছ পানির নদী। তিনি বলেন, চৈত্রের গরমেও এই নদীর পানি তুলে তৃষ্ণা মিটিয়েছেন। পানির নিচের বালু পর্যন্ত দেখা যেত। এখন দুর্গন্ধে নদীর পাড় দিয়ে হাঁটা যায় না। নদীর সঙ্গে হারিয়ে গেছে আমার মতো অনেক মানুষের পুরোনো জীবনও।
দূষণের পাশাপাশি নদীর অস্তিত্বের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে দখল। জাতীয় নদী রক্ষা কমিশনের ২০১৯ সালের তালিকায় ময়মনসিংহ বিভাগের চার জেলায় ৩ হাজার ৩৮৫ জন অবৈধ নদী দখলদারের তথ্য ছিল। এর মধ্যে ময়মনসিংহে ২ হাজার ১৬০, জামালপুরে ৫৯৫, নেত্রকোনায় ৫১২ এবং শেরপুরে ১১৮ জন।
ময়মনসিংহ নগরের পাটগুদাম এলাকায় ব্রহ্মপুত্রের চিত্রও নদী দখলের বাস্তবতা সামনে আনে। নদীর দুই পাশে গড়ে উঠেছে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। কোথাও নদীর জায়গা ভরাট করে চাষাবাদও হচ্ছে।
ঈশ্বরগঞ্জের কাঁচামাটিয়া নদেও দখল ও বর্জ্য ফেলার অভিযোগ রয়েছে। অথচ নদী উদ্ধারে পরিকল্পনার কমতি নেই। ২০২৪ সালের শেষ দিকে বিভাগের ব্রহ্মপুত্র, খিরু, সুতিয়া, মগড়া, পুরাতন ব্রহ্মপুত্র ও মহারশি নদকে দখল ও দূষণমুক্ত করতে প্রায় ১ হাজার ৩৮৬ কোটি টাকার একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে পরিকল্পনার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার ব্যবধান এখনো রয়ে গেছে।
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল বলেন, জেলা প্রশাসনগুলো নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী অবৈধ দখল উচ্ছেদে কাজ করে থাকে। আমি নতুন দায়িত্বে আসছি।আগের উদ্যোগের সুনির্দিষ্ট অগ্রগতি সম্পর্কে এই মুহূর্তে অবগত নই।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদী বাঁচাতে বড় উদ্যোগগুলোর একটি পুরাতন ব্রহ্মপুত্র খনন প্রকল্প। ২ হাজার ৭৬৩ কোটি টাকা ব্যয়ে পাঁচ জেলার ২২৭ কিলোমিটার অংশ খননের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য নাব্যতা ফিরিয়ে নৌযান চলাচল ও কৃষিতে পানির ব্যবহার নিশ্চিত করা। কিন্তু খননের পরও অনেক এলাকায় শুষ্ক মৌসুমে নদে পানির সংকট থেকেই যাচ্ছে।
বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মহসিন মিয়া বলেন, নদীর নিচের অংশ খনন করলেই হবে না; উৎসমুখ সচল না থাকলে উজান থেকে পানি আসবে না। গাইবান্ধা ও জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার সংযোগস্থলের দীর্ঘ অংশে পলি জমে প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
অর্থাৎ নদীর তলদেশ খননের পাশাপাশি পুরো প্রবাহব্যবস্থাকে সচল রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলায় ইটিপি স্থাপনযোগ্য ৯৯টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ৯৫টিতে ইটিপি রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, সব কারখানায় ইটিপি নিয়মিত কার্যকর থাকে না। রাতের বেলা কিংবা বৃষ্টির সময় বর্জ্য নদীতে ফেলার অভিযোগও রয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, ইটিপি কার্যক্রম পর্যবেক্ষণে কারখানায় আইপি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎ ও কারিগরি সমস্যায় ক্যামেরা বন্ধ থাকার ঘটনাও ঘটে।
বানার নদের রঙিন পানির বিষয়ে তিনি বলেন, শুধু পানির রং দেখে সেটিকে দূষিত বলা যায় না। ২০২৩ সালের নতুন বিধিমালায় রঙিন পানির বিষয়ে মানদণ্ড নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. খালিদ মাহমুদের গবেষণায় ১৯৮১ থেকে ২০১৭ সালের তথ্য বিশ্লেষণে নদীর গড় প্রবাহ কমার সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর আরও গভীরে যাওয়ার একটি পরিসংখ্যানগত সম্পর্ক পাওয়া গেছে।
তবে এর জন্য শুধু নদীর প্রবাহ কমে যাওয়াকে দায়ী করা যাবে না বলে মনে করেন তিনি। অতিরিক্ত সেচ, বৃষ্টিপাতের পরিবর্তন, নগরায়ণ, ভূমি ব্যবহারের পরিবর্তন ও প্লাবনভূমি দখলও এতে ভূমিকা রাখে
তার মতে, নদী, খাল, বিল, প্লাবনভূমি ও ভূগর্ভস্থ পানিকে আলাদা করে দেখলে সমস্যার সমাধান হবে না। দরকার সমন্বিত পানি ব্যবস্থাপনা।
অধ্যাপক ড. দীন ইসলামের ভালুকা এলাকার গবেষণাতেও উপরিভাগের পানিদূষণ ও ভূগর্ভস্থ পানির গুণমান নিয়ে উদ্বেগ উঠে এসেছে। তার মতে, শিল্পবর্জ্য শোধন করে তারপর প্রকৃতিতে ছাড়ার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
মন্তব্য করুন