বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স থাকবে। বাকৃবি ছাত্রদলের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহণ শাখার সহযোগিতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব পরিবহণ শাখার পরিচালকের সাথে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন এবং পরিচালক একই দিনে উদ্যোগটি বাস্তবায়ন করেছেন।
সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ভুল ধরার চেয়ে তাদের প্রয়োজনকে প্রাধান্য দেওয়াই আমাদের মূল লক্ষ্য। জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সুবিধা আরও ত্বরান্বিত ও কার্যকর করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি বাকৃবি ছাত্রদলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি।
বাকৃবির পরিবহণ শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা আমাদের প্রথম প্রাধান্য। পূর্বে জনবল ও ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার কারণে একটি অ্যাম্বুলেন্স সচল রাখা হতো। তবে এর ফলে একটি অ্যাম্বুলেন্স ময়মনসিংহ মেডিকেল কলেজে গেলে ক্যাম্পাসে জরুরি সেবা ব্যাহত হতো। আজ থেকেই ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে যাতে কোনো শিক্ষার্থীকেই আর চিকিৎসার জন্য অপেক্ষায় থাকতে না হয়।
মন্তব্য করুন