ভক্তিগীতি, বাউলগান ও আধ্যাত্মিক সংগীতের আবহে ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পূর্ণিমার রাতে, পরমের সাথে’ শীর্ষক আয়োজনের ষষ্ঠ আসর। আগামী রোববার (২৫ অক্টোবর) শহরের সৈয়দ বোরহান উদ্দিন বুড়াপীর শাহ্র মাজার প্রাঙ্গণে এ আয়োজন করবে ময়মনসিংহ বাউল সমিতি।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের শুরুতে বাদ মাগরিব মিলাদ ও দরুদ অনুষ্ঠিত হবে। এরপর বাদ এশা শুরু হবে ভক্তিগীতি ও বাউলগানের পরিবেশনা।
বাংলার লোকজ সংগীত, আধ্যাত্মিক ভাবধারা ও ভক্তির মেলবন্ধনে আয়োজিত এ আসরে সংগীতপ্রেমী ও ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে বাউলগান ও ভক্তিগীতির ঐতিহ্য চর্চার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি, মানবিকতা ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে।
অনুষ্ঠানটি সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছে আয়োজক সংগঠন ময়মনসিংহ বাউল সমিতি।
মন্তব্য করুন