নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শতবর্ষী রানীখং সাধু যোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লী থেকে চুরি হওয়া ৪০ কেজি ওজনের সেই ঘণ্টাটি উদ্ধার করেছে পুলিশ।
তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।শুক্রবার (৩০ অক্টোবর) সকালে চুরির দুই দিন পর শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশের একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়।এর আগে বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে ধর্মপল্লী থেকে ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকার বেশি বলে জানিয়েছেন ধর্মপল্লীর সংশ্লিষ্টরা।ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম বলেন, রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর কোনো একসময় ঘণ্টাটি চুরি হয়। ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে সেটি যথাস্থানে দেখতে না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ ঘটনায় মামলা গ্রহণ করে।
পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকেই পুলিশের তৎপরতা বাড়ানো হয়।তিনি আরও বলেন, পুলিশের তৎপরতার কারণে চোরচক্র ঘণ্টাটি দূরে সরিয়ে নিতে পারেনি। চুরির স্থান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশে ফেলে রাখা অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়েছে।
তবে চুরির সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।শতবর্ষী এই খ্রিষ্টীয় ধর্মপল্লীর ঐতিহ্যবাহী ঘণ্টাটি ফিরে পাওয়ায় স্থানীয় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন