
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামে অবস্থিত বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা, জমিদাতা ও সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান জুয়েল, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ছোট ভাই প্রকৌশলী মেজবাউল হক বাবু, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এবং নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকনুজ্জামান। এ ছাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার চক্রবর্তী।
স্থানীয় শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের পেছনে রয়েছে প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশের ব্যক্তিগত উদ্যোগ, শ্রম ও অর্থায়ন। তিনি নিজ গ্রাম জারুলতলায় তাঁর প্রয়াত বাবার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।
নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.জ.ম. রেজাউল করিম খান জুয়েল বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার মান উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন