সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে দলটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ডেমরার নবী টাওয়ারে বিএনপির প্রয়াত নেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ ও সাবেক কাউন্সিলর বাদল সরদারের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, বিগত দিনের নির্বাচন ও চলমান রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ না করে শেষ মুহূর্তে মনগড়া অনিয়মের অভিযোগ তোলা হচ্ছে। তার দাবি, এর মাধ্যমে নির্বাচনকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তবে জনগণ সচেতন থাকায় অপপ্রচার চালিয়ে সফল হওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
স্মরণসভায় সাবেক সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন রিজভী। তিনি বলেন, বিগত সরকারের আমলে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে সালাউদ্দিন আহমেদ আপসহীন ভূমিকা পালন করেছেন।
রিজভীর অভিযোগ, ওই সময়ে তার বিরুদ্ধে শত শত মামলা করা হয় এবং রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। দীর্ঘ কারাবাস ও চিকিৎসাবঞ্চনার কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। রিজভী আরও অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের অনেক নেতাকর্মীকে পরিকল্পিতভাবে নিপীড়নের শিকার হতে হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী আলহাজ নবীউল্লাহ নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে প্রয়াত নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন