সন্ধ্যা নামলেই শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে বাড়ে মানুষের উদ্বেগ। কখন কোন দিক থেকে নেমে আসবে বন্যহাতির পাল, তা আগে থেকে বোঝার উপায় ছিল না। হাতি লোকালয়ে ঢুকে পড়লে ফসল রক্ষায় মশাল জ্বালিয়ে, ঢাকঢোল পিটিয়ে ও ডাকচিৎকার করে তাড়ানোর চেষ্টা করতেন স্থানীয় বাসিন্দারা। কখনও কখনও এই চেষ্টা পরিণত হতো প্রাণঘাতী সংঘাতে। এখন সেই ঝুঁকি কমাতে নেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তা। হাতির চলাচলের পথে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা। কোনো ক্যামেরায় হাতির উপস্থিতি শনাক্ত হলেই ‘টেলিগ্রাম’ অ্যাপের মাধ্যমে এক মিনিটের মধ্যে মোবাইল ফোনে পৌঁছে যাচ্ছে সতর্কবার্তা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাচ্ছেন বন বিভাগের কর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা। সতর্ক করছেন স্থানীয় বাসিন্দাদেরও।
শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ে মানুষ ও হাতির দীর্ঘদিনের সংঘাত কমাতে এই উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় হাতির অবাধ চলাচল ও লোকালয়ে প্রবেশ ঠেকাতে মাত্র ১৫টি ক্যামেরা যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রাণ যাচ্ছে মানুষ ও হাতি দুই পক্ষেরই
শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ে খাবার ও পানির সন্ধানে এক টিলা থেকে অন্য টিলায় চলাচল করে বন্যহাতির পাল। এ সময় হাতি লোকালয়ে ঢুকে পড়লে ফসলের ক্ষতি হয়। ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে মানুষ যেমন বিপদে পড়েন, তেমনি মানুষের সঙ্গে সংঘাতে আহত ও নিহত হয় হাতিও।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৩ বছরে শেরপুরের এই অঞ্চলে মানুষ-হাতির সংঘাতে মারা গেছে ৩৩টি বন্যহাতি। একই সময়ে প্রাণ হারিয়েছেন ৩৪ জন মানুষ। অর্থাৎ সংঘাতের ক্ষতি কোনো এক পক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের জীবন-জীবিকা ও বন্যপ্রাণীর অস্তিত্ব দুটিই ঝুঁকিতে পড়ছে।
ক্যামেরায় শনাক্ত, এক মিনিটে সতর্কবার্তা
মানুষ-হাতির সংঘাত মোকাবিলায় নালিতাবাড়ীর সমচূড়া, মধুটিলা, বুরুঙ্গা, ডালুকোনা ও দাওধারা-কাটাবাড়ীসহ হাতির চলাচলের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে ১৫টি এআই ক্যামেরা। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ও গ্রামীণফোনের সহযোগিতায় নেওয়া হয়েছে এই পাইলট প্রকল্প।
ক্যামেরায় হাতির উপস্থিতি শনাক্ত হওয়ার পর টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে সতর্কবার্তা যায়। এতে হাতি লোকালয়ে প্রবেশের আগেই বন বিভাগ ও ইআরটি সদস্যরা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন।
সমচূড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ইআরটি সভাপতি আরফান আলীর ভাষ্য, আগে হাতি আসার খবর পেতে অনেক সময় দেরি হয়ে যেত। হঠাৎ হাতি সামনে চলে এলে সবাই আতঙ্কিত হয়ে পড়তেন। এখন ক্যামেরার মাধ্যমে আগেই খবর পাওয়া যায়। বন বিভাগের লোকজনও দ্রুত চলে আসেন। তারাও স্থানীয়দের সচেতন করতে পারছেন। এতে এই এলাকায় হাতির হামলা অনেকটাই কমেছে।
একই এলাকার বাসিন্দা আলমাছ মিয়া বলেন, হাতি এলে ফসলের ক্ষতি হয়, আবার হাতি তাড়াতে গিয়ে মানুষের জীবনও ঝুঁকিতে পড়ে। এখন আগাম খবর পাওয়ায় নিরাপদ জায়গায় সরে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
হাতি ও মানুষ উভয়ের নিরাপত্তার স্বার্থে বেশি হাতি চলাচল করে এমন এলাকাও এআই ক্যামেরার আওতায় আনার দাবি জানিয়েছেন দাওধারা-কাটাবাড়ী এলাকার রহমত আলী।
প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন আবাসস্থল রক্ষা
মধুটিলা রেঞ্জের সমচূড়া বিট কর্মকর্তা কাওসার হোসেন বলেন, ক্যামেরার মাধ্যমে হাতির চলাচল সম্পর্কে আগাম তথ্য পাওয়া যাচ্ছে। এতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে এবং সংঘাতের আশঙ্কা কমছে। হাতির চলাচলের করিডোরগুলোতে এ ধরনের ক্যামেরা স্থাপন করা গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তা কার্যকর ভূমিকা রাখতে পারে।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, বনকর্মীদের পাশাপাশি ইআরটি সদস্যরাও হাতির অবস্থান, সংখ্যা ও চলাচল সম্পর্কে তথ্য পাচ্ছেন। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে নালিতাবাড়ীর উপদ্রুত এলাকায় পাঁচ কিলোমিটারজুড়ে বায়ো ফেন্সিং নির্মাণ এবং পাঁচ হেক্টর জমিতে হাতির খাদ্য উপযোগী বাঁশবাগান তৈরির কাজ চলছে।
ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের কমিউনিটি গভর্ন্যান্স স্পেশালিস্ট আবরার আহমাদ বলেন, ১৫টি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। বন বিভাগের পাশাপাশি ইআরটি সদস্যরা আগাম তথ্য পাওয়ায় হাতির ক্ষতি না করে পরিস্থিতি সামাল দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
তবে পরিবেশ সংশ্লিষ্টদের মতে, ক্যামেরা হাতির উপস্থিতি শনাক্ত করে মানুষকে সতর্ক করতে পারলেও আবাসস্থল, খাদ্য ও পানির সংকট কিংবা চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়ার মতো মূল সমস্যার সমাধান করতে পারে না।
শ্রীবরদী আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রভাষক হাবিবুল হক পলাশের ভাষ্য, পাহাড়ে হাতির স্বাভাবিক বিচরণ নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত জলাশয় ও পছন্দের খাদ্যগাছ তৈরি করতে হবে। এতে খাবারের সন্ধানে হাতির লোকালয়ে আসার প্রবণতা কমতে পারে।
শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ১৫টি ক্যামেরা স্থাপন করে সফলতা পাওয়া গেছে। হাতি এবং মানুষের দ্বন্দ্ব কমাতে এসব এলাকায় আরও কিছু ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন