কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান হাওলাদার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে স্থানীয় ১৩ জন রাজনৈতিক নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে এ মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি বালুর মাঠ সংলগ্ন ফারুক চেয়ারম্যানের বাংলোর সামনের মহাসড়কে এ ঘটনা ঘটে। ওই রাতে এসআই আবুল হাসান হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর রেলগেট এলাকায় দায়িত্ব পালনকালে খবর পান যে, কিছু দুষ্কৃতকারী জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে পোড়া টায়ার, কাঠ ও ককটেলের অংশবিশেষ জব্দ করে।
মামলার প্রধান আসামি করা হয়েছে কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়াকে। এছাড়া এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. লতিফ মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সবুজ মিয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইউপি ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক জোনাঈদ বোগদাদী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কবির মিয়া, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান মিয়া, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ খা, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামীম মিয়া ও যুবলীগ নেতা মোহাম্মদ কুদ্দুস মিয়া।
পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সমর্থক, অর্থদাতা ও পরামর্শদাতা হিসেবে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, দেশের সার্বভৌমত্বে আঘাত হানা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই নাশকতা চালানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন