বুধবার (১১ নভেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)।
আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত রাইসুল ও জামিরুল আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। তবে অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী ওই ছেলে শিশুকে অপহরণ করেন আসামিরা। পরে তারা শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তবে পরিবারের কাছে অর্থ না থাকায় তারা তা দিতে ব্যর্থ হয়। এর পরদিন জামালপুর জেলার নারিকেলী বাজার এলাকায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার কিছুদিন পর ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ওই শিশুটি রাস্তাঘাটে অপহরণকারী রাইসুলকে দেখে চিনে ফেলে। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপহরণের দায় স্বীকার করেন এবং জড়িত সহযোগীদের নাম প্রকাশ করেন।
এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চার আসামিসহ অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর নালিতাবাড়ী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন তালুকদার চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক পর্যায়ে বাদী, ভুক্তভোগী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।
মন্তব্য করুন