Hasan
২৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

ভৈরবের স্বচ্ছ পানিতে আবার আকাশের ছায়া পড়বে, জোছনা রাতে নদের বুকে দেখা যাবে চাঁদের প্রতিবিম্ব–এমনই এক স্বপ্ন দেখেন চিকিৎসক সাদিয়া মনোয়ারা ঊষা। হারিয়ে যাওয়া নদের সৌন্দর্য ফিরিয়ে আনতে গত ৬ নভেম্বর একাই নেমেছিলেন কচুরিপানা পরিষ্কারের কাজে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আহ্বানে সাড়া দিয়ে পরদিন থেকে যুক্ত হতে থাকেন নানা শ্রেণি-পেশার মানুষ। এখন আর এটি তার একার উদ্যোগ নয়, ভৈরবকে বাঁচানোর প্রত্যয়ে গড়ে উঠছে সম্মিলিত প্রয়াস।

যশোর শহরের দড়াটানা এলাকায় ৯ নভেম্বর সকালে নদে নেমে পড়েন অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। যশোরের বিডি ক্লিন, খুলনার উই আর বাংলাদেশ ফাউন্ডেশন, রাবি ফোরামসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা কচুরিপানা অপসারণে অংশ নেন। প্রতিদিনই যুক্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা। অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক তারিক মাহবুব বলেন, ‘হাসপাতালের বর্জ্য, ইনজেকশনের সুচ, কাচসহ নানা ঝুঁকিপূর্ণ জিনিস রয়েছে নদের পানিতে। তারপরও চিকিৎসক ঊষার ফেসবুক পোস্ট দেখে এই উদ্যোগে যুক্ত হয়েছি।’

রাবি ফোরামের সদস্য ও ব্লাস্ট যশোরের সমন্বয়কারী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীরের ভাষ্য, স্থানীয় প্রশাসনের অবহেলায় নদের এই দুরবস্থা। ডা. ঊষার একার উদ্যোগে ঘরে বসে থাকতে পারেননি তারা। তাই তার সঙ্গে সংহতি প্রকাশ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন।

ভৈরব নদ সংস্কার ও দূষণ প্রতিরোধে দীর্ঘদিন কাজ করছে জনউদ্যোগ যশোর। সংস্থাটির যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার বলেন, নদী খননের আগে পাড়সহ এর প্রস্থ ছিল ২৬৩ ফুট। খননের পর তা কমে দাঁড়িয়েছে ১০০ ফুটে। বিপুল অর্থ ব্যয়ে খনন হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে নদীর বর্তমান অবস্থা হতাশাজনক। তার মতে, স্বেচ্ছাশ্রমের এই উদ্যোগ আশার বার্তা দিলেও নদ বাঁচাতে দূষণ বন্ধ, নিয়মিত পরিচর্যা ও কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন।

যশোর শহরের বুক চিরে বয়ে চলা ভৈরব নদে জোয়ার-ভাটা ফিরিয়ে আনতে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খনন করা হয়। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে আবারও কচুরিপানা ও ময়লায় ঢেকে গেছে নদটি। অভিযোগ রয়েছে, আশপাশের হাসপাতাল, হোটেল, দোকান ও বাসাবাড়ির বর্জ্য সরাসরি নদে ফেলা হচ্ছে। এতে বাড়ছে দুর্গন্ধ ও মশার উপদ্রব।

ঘোপ ও বারান্দিপাড়া এলাকায় বেড়ে ওঠা ডা. সাদিয়া মনোয়ারা ঊষার শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে ভৈরব। তিনি খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করলেও নিজের শহরের নদের এমন দুরবস্থা তাকে ব্যথিত করে।

ঊষা বলেন, ‘সুস্থ থাকতে শুধু ওষুধ ও জীবনযাত্রার পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন সুন্দর পরিবেশও। অথচ শহরের প্রাণ ভৈরব এখন বড় ড্রেনে পরিণত হয়েছে। নদের দুই পাশের হাসপাতাল, মাংসের দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বর্জ্য ফেলা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন, ভৈরবের স্বচ্ছ পানিতে আবার আকাশের ছায়া পড়বে, জোছনা রাতে দেখা যাবে চাঁদ। এই স্বপ্ন এখন আর একার নয়। অনেক মানুষ পাশে দাঁড়িয়েছেন। পথ কঠিন হলেও আশা ছাড়ছি না। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, অবৈধ দখল বন্ধ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।’ তার এই উদ্যোগে পাশে রয়েছেন মা রওনক রায়হানাও।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, মানুষের সাড়া আশাব্যঞ্জক। উদ্যোগটি দীর্ঘস্থায়ী সামাজিক আন্দোলনে রূপ নেবে বলে আশা করছেন তারা।

স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে যশোর পৌরসভাও। পৌরসভার পানি ও পয়োনিষ্কাশন বিভাগের প্রকৌশলী কামাল হোসেন জানান, নদে বর্জ্য ফেলা বন্ধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এ কাজে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ ভৈরবকে ঘিরে নতুন আশার জন্ম দিয়েছে। তবে শুধু কচুরিপানা পরিষ্কার নয়, নদীর প্রবাহ ফিরিয়ে আনা, দখল ও দূষণ বন্ধ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও জরুরি। ডা. ঊষার স্বপ্ন তাই এখন শুধু নদীর বুকে আকাশের ছায়া দেখার নয়, আগামী প্রজন্মের জন্য একটি জীবন্ত নদ রেখে যাওয়ারও।

/এসএল

বাল্যবিবাহের আয়োজন থামিয়ে পড়াশোনার স্বপ্ন বাঁচাল ঝুমুর

পরিবারের আর্থিক সংকটে সপ্তম শ্রেণিতেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ঝুমুর আক্তারের। অথচ তার স্বপ্ন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর। পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে সাহস করে প্রতিবাদ জানায় সে। বিয়ে না করে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপারের কাছে চিঠি লেখে ঝুমুর। তার সেই প্রতিবাদ, গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্যোগে শেষ পর্যন্ত বন্ধ হয়েছে বাল্যবিবাহের আয়োজন। ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। মাদ্রাসার সুপারও জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত ঝুমুরের কোনো খরচ লাগবে না।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ঝুমুর। ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ১। শিক্ষকদের ভাষ্য, পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ঝুমুর নিয়মিত পাঠ প্রস্তুত করে আসে। মেধা ও অধ্যবসায়ের কারণে সে মাদ্রাসার অন্যতম কৃতী শিক্ষার্থী।

কিন্তু পরিবারের আর্থিক সংকটের কারণে তার বিয়ে ঠিক করা হয়। গত ৯ নভেম্বর ছিল বিয়ের দিন। পরিবারের এমন সিদ্ধান্তে রাজি না হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপার বরাবর লিখিত আবেদন করে সে। আবেদনে ঝুমুর লেখে, ‘আমাকে আমার পরিবার জোরপূর্বক বিয়ে ঠিক করে বিয়ে দিতে বাধ্য করছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লেখাপড়া করতে চাই। তবু আমি এখন বিয়ে করতে চাই না।’

ঝুমুরের সেই আবেদন সামনে আসার পর উদ্যোগী হয় প্রশাসন। গত ৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম ও মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ তার বাড়িতে যান। পরে ঝুমুরকে গলাচিপা উপজেলা পরিষদ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার বাবার কাছ থেকে মেয়েকে বিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও।

এদিকে ভিডিও কনফারেন্সে ঝুমুরের সঙ্গে কথা বলেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার সাহসী প্রতিবাদের প্রশংসা করে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।

ঝুমুরের বাবা লাল মিয়া সরদার পেশায় দিনমজুর। তিন মেয়ে ও এক ছেলের মধ্যে দুই মেয়ের বিয়ে দিয়েছেন। তাদের সন্তানদের পড়াশোনার খরচেও সহযোগিতা করতে হয় তাকে। সংসারের আর্থিক সংকট এবং ঝুমুরের পড়াশোনার খরচ জোগাতে না পারার আশঙ্কা থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

লাল মিয়া সরদার বলেন, ‘দিনমজুরের আয় দিয়ে সংসার চালানোই কঠিন। সংসারের এত খরচের মধ্যে ঝুমুরের পড়াশোনা চালিয়ে যাওয়ার সামর্থ্য ছিল না। এ কারণেই বিয়ের কথা ভেবেছিলাম। তবে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চাইনি। এখন শিক্ষক ও প্রশাসনের লোকজন সহযোগিতার কথা বলেছেন। প্রতিমন্ত্রীও মেয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমি চাই, আমার মেয়ে লেখাপড়া করে ভালো কিছু করুক।’

মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ বলেন, ‘ঝুমুর পড়াশোনায় ভালো এবং যথেষ্ট মেধাবী। সপ্তম শ্রেণিতে সে প্রথম স্থান অর্জন করেছে। আমার প্রতিষ্ঠানে যত দিন সে পড়বে, তার পড়াশোনার জন্য কোনো অর্থ দিতে হবে না। প্রয়োজনীয় খরচের দায়িত্ব আমি নিজেই নেব।’

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক জানান, বাল্যবিবাহ বন্ধ করে ঝুমুরের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তার পড়াশোনা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

অভাবের কারণে অনেক মেয়েশিশুর শিক্ষাজীবন অল্প বয়সেই থেমে যায়। ঝুমুর অবশ্য নিজের স্বপ্ন বিসর্জন দিতে রাজি হয়নি। তার সাহসী প্রতিবাদে আপাতত রক্ষা পেয়েছে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ। এখন প্রয়োজন দেওয়া আশ্বাসগুলোর বাস্তবায়ন। যাতে ঝুমুর শুধু বাল্যবিবাহের ঝুঁকি থেকেই মুক্ত না হয়, বরং নিজের মেধা ও যোগ্যতা দিয়ে ভবিষ্যৎ গড়ার সুযোগও পায়।

নারীর ক্ষমতায়নে পরিবার ও সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি জরুরি

‘আমরা সবাই সফল হতে পারি না, যদি আমাদের অর্ধেক মানুষকে পিছিয়ে রাখা হয়।’ শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারীশিক্ষা কর্মী মালালা ইউসুফজাইয়ের এই বক্তব্যের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা উঠে আসে। একটি সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে সম্ভাবনা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। অথচ নারীর যোগ্যতা, মেধা ও সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় পরিবার ও সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে নারীর ক্ষমতায়ন শুধু ব্যক্তিগত প্রচেষ্টা কিংবা রাষ্ট্রীয় নীতির বিষয় নয়; এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে পরিবার ও সমাজের মানসিকতা।

অনেক পরিবারে এখনো ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য করা হয়। ছেলের পড়াশোনা, পছন্দ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনাকে যতটা গুরুত্ব দেওয়া হয়, মেয়ের ক্ষেত্রে ততটা দেখা যায় না। মেয়েদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত রাখা, নির্দিষ্ট কিছু পেশায় যেতে নিরুৎসাহিত করা কিংবা সংসারের দায়িত্বকে একমাত্র কর্তব্য হিসেবে প্রতিষ্ঠা করার প্রবণতা তাদের সম্ভাবনাকে সংকুচিত করে। অথচ পরিবারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি একজন নারীর আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ করে বিয়ের পর নারীর কর্মজীবন ও ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের সহযোগিতা প্রয়োজন। সংসারের দায়িত্ব শুধু নারীর একার নয়। ঘরের কাজ ও সন্তান লালন-পালনে পরিবারের পুরুষ সদস্যদের অংশগ্রহণ নারীর জন্য কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ করে।

নারীর ক্ষমতায়নের পথে সামাজিক দৃষ্টিভঙ্গিও বড় একটি বিষয়। কর্মজীবী নারীকে নিয়ে নেতিবাচক মন্তব্য, নারীর পোশাক ও চলাফেরা নিয়ে অযাচিত সমালোচনা, নেতৃত্বের জায়গায় নারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা নারীকে শুধু সৌন্দর্য ও পারিবারিক পরিচয়ের মাধ্যমে মূল্যায়ন করার প্রবণতা এখনো সমাজে রয়েছে। এসব আচরণ নারীর আত্মবিশ্বাসে আঘাত করে এবং তার স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে।

একজন নারী যখন নিজের পছন্দের পেশায় কাজ করতে চান, নেতৃত্ব দিতে চান কিংবা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন, তখন তাকে অপ্রয়োজনীয় প্রশ্ন ও কটাক্ষের মুখোমুখি হতে হয়। অথচ একজন পুরুষের ক্ষেত্রে একই বিষয়কে অনেক সময় স্বাভাবিকভাবে দেখা হয়। এই দ্বৈত মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। নারী ও পুরুষের কাজের ক্ষেত্র আলাদা করে না দেখে ব্যক্তির দক্ষতা, যোগ্যতা ও আগ্রহকে গুরুত্ব দিতে হবে।

এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোরও দায়িত্ব রয়েছে। নারীর প্রতি সম্মানজনক আচরণ, সমান সুযোগ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা তৈরি করতে হবে। বিশেষ করে মেয়েদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার, সম্পত্তির অধিকার, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

নারীর ক্ষমতায়ন বলতে অনেকেই শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হওয়াকে বোঝেন। নিঃসন্দেহে অর্থনৈতিক স্বাধীনতা এর অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। নিজের উপার্জন থাকলে একজন নারী অনেক ক্ষেত্রে নিজের প্রয়োজন ও ভবিষ্যৎ সম্পর্কে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। তবে ক্ষমতায়নের পরিধি আরও বিস্তৃত। নিজের মত প্রকাশ, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, নিরাপদে চলাফেরা, শিক্ষা অর্জন, পেশা নির্বাচন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকাও এর অংশ।

একজন নারী উপার্জন করলেও যদি পরিবারে তার মতামতের মূল্য না থাকে, নিজের আয় ব্যবহারের স্বাধীনতা না থাকে কিংবা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার অংশগ্রহণ নিশ্চিত না হয়, তাহলে প্রকৃত ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয় না। তাই নারীর অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি সামাজিক মর্যাদা, ব্যক্তিগত স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত করা জরুরি।

এখানে পুরুষের ভূমিকাও গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়ন মানে পুরুষকে পিছিয়ে দেওয়া নয়; বরং নারী-পুরুষের পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সমান মর্যাদার ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা। বাবা, ভাই, স্বামী কিংবা সহকর্মী হিসেবে পুরুষের ইতিবাচক সহযোগিতা নারীর এগিয়ে যাওয়ার পথ অনেক সহজ করতে পারে।

নারীর ক্ষমতায়নের জন্য আইন, নীতি ও নানা উদ্যোগ প্রয়োজন। তবে সেগুলোর বাস্তব প্রয়োগে পরিবার ও সমাজের মানসিক পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মেয়ের জন্মকে আনন্দের সঙ্গে গ্রহণ করা, তার শিক্ষায় বিনিয়োগ করা, পছন্দ ও মতামতকে গুরুত্ব দেওয়া এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করা–এসব ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের ভিত্তি হতে পারে।

নারীর এগিয়ে যাওয়ার পথ সুগম করতে হলে প্রথমে তাকে বিশ্বাস করতে হবে। তার স্বপ্নকে গুরুত্ব দিতে হবে, যোগ্যতাকে স্বীকৃতি দিতে হবে এবং ব্যর্থতার আশঙ্কায় তাকে আটকে রাখা যাবে না। পরিবার যখন সাহস জোগাবে, সমাজ যখন সম্মান করবে, তখন একজন নারী শুধু নিজের জীবনই বদলাবেন না, বরং পরিবার, সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। নারীর ক্ষমতায়ন তাই কেবল নারীর একার অর্জন নয়; এটি একটি সুন্দর, সমতাভিত্তিক ও উন্নত সমাজ গঠনের সম্মিলিত দায়িত্ব।

বিজ্ঞান ও সাহিত্যের উজ্জ্বল নাম পূরবী বসু

বাংলা সাহিত্য ও বিজ্ঞান গবেষণা–দুটি ভিন্ন জগতে নিজের মেধা, মনন ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন পূরবী বসু। বিজ্ঞানের যুক্তিনিষ্ঠ অনুসন্ধান আর সাহিত্যের মানবিক বোধকে তিনি মিলিয়েছিলেন নিজের জীবন ও কর্মে।

১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু। শৈশব থেকেই বই পড়া ও লেখালেখির প্রতি ছিল তার গভীর আগ্রহ। চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই একটি গোয়েন্দা গল্প লিখেছিলেন, যা প্রকাশিত হয়েছিল বিদ্যালয়ের দেয়াল পত্রিকায়। পরে স্থানীয় পত্রিকার শিশু-কিশোরদের পাতায় নিয়মিত লিখতে শুরু করেন। মাত্র ১০ বছর বয়সে প্রখ্যাত সাহিত্যিক আহসান হাবীব সম্পাদিত তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকার সাহিত্য পাতায় তার একটি গল্প প্রকাশিত হয়। সেই শৈশবের সাহিত্যচর্চাই পরবর্তী সময়ে তাকে লেখক হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা জোগায়।

তবে সাহিত্যচর্চার পাশাপাশি উচ্চশিক্ষায় বিজ্ঞানের পথ বেছে নিয়েছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিজৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে গবেষক হিসেবে কাজ করেছেন। দেশে ফিরে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকোতে দায়িত্ব পালনের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন।

বিজ্ঞানের পেশাগত ব্যস্ততার মধ্যেও সাহিত্য থেকে দূরে সরে যাননি তিনি। ১৯৮৯ সালে প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ ‘পূরবী বসুর গল্প’। এরপর গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতায় সমৃদ্ধ হয়েছে তার সাহিত্যভুবন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টির বেশি। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’, ‘নারী দীপাবলী’ এবং ‘অবিনাশী যাত্রা’।

পূরবী বসুর লেখার অন্যতম বৈশিষ্ট্য ছিল সমাজের প্রচলিত বৈষম্য ও অন্যায়ের প্রতি প্রশ্ন তোলা। বিশেষ করে নারীর অধিকার, আত্মমর্যাদা, ব্যক্তিস্বাধীনতা ও সামাজিক অবস্থান তার লেখায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘু, দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনসংগ্রামও উঠে এসেছে তার গল্পে।

পূরবী বসুর জীবন ছিল জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মানবিক দায়বদ্ধতার এক সম্মিলিত অধ্যায়। গবেষণাগারে বিজ্ঞানের অনুসন্ধান আর লেখায় মানুষের জীবন ও সমাজের ব্যবচ্ছেদ–দুই ক্ষেত্রেই তিনি ছিলেন নিবেদিত।

১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসভবনে ৭৭ বছর বয়সে প্রয়াত হন এই বহুমাত্রিক ব্যক্তিত্ব। তার প্রয়াণে বাংলা সাহিত্য ও বিজ্ঞানচর্চার অঙ্গনে তৈরি হলো এক অপূরণীয় শূন্যতা। তবে তার গবেষণা, সাহিত্যকর্ম ও চিন্তার জগৎ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

আসছে শীতে প্রবীণদের যত্ন নিন

শীতের আগমনে প্রকৃতিতে যেমন পরিবর্তন আসে, তেমনি পরিবর্তন দেখা দেয় মানুষের শরীরেও। বিশেষ করে প্রবীণদের জন্য এ সময়টি বেশ সংবেদনশীল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমে যায়। পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, বাতব্যথা ও শ্বাসকষ্টের মতো দীর্ঘমেয়াদি রোগ থাকলে শীতের প্রভাব আরও বেশি অনুভূত হয়। তাপমাত্রা কমে যাওয়ায় সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং জয়েন্টের ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শীতের শুরু থেকেই প্রবীণদের স্বাস্থ্য ও দৈনন্দিন যত্নে বাড়তি সচেতনতা প্রয়োজন।

শরীর গরম রাখা জরুরি

শীতের সময় প্রবীণদের শরীরের তাপমাত্রা দ্রুত কমে যেতে পারে। তাই আবহাওয়া অনুযায়ী গরম পোশাক পরতে হবে। বিশেষ করে কান, মাথা, হাত ও পা ঢেকে রাখা জরুরি। সকালে ও সন্ধ্যায় ঠাণ্ডা বেশি থাকলে অপ্রয়োজনে বাইরে না যাওয়াই ভালো। ঘরের পরিবেশও আরামদায়ক ও উষ্ণ রাখতে হবে। তবে ঘর গরম করতে কয়লা বা কাঠের আগুন ব্যবহার করলে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। কারণ বন্ধ ঘরে এসব জ্বালানি পোড়ালে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের ঝুঁকি তৈরি হয়।

খাদ্যাভ্যাসে নজর দিন

শীতে অনেক প্রবীণ পানি পান করতে অনীহা প্রকাশ করেন। কিন্তু ঠাণ্ডার সময়ও শরীরের পানির প্রয়োজন কমে না। তাই নিয়মিত পানি, স্যুপ ও অন্যান্য তরল খাবার খেতে হবে। প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি, মৌসুমি ফল, ডাল, মাছ, ডিম ও পর্যাপ্ত প্রোটিন রাখা ভালো। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার ও পানির পরিমাণ নির্ধারণ করতে হবে। অতিরিক্ত লবণ, চিনি ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত।

ব্যায়াম ও চলাফেরা বজায় রাখুন

শীতের কারণে অনেকেই ঘরের বাইরে যেতে চান না। এতে শারীরিক সক্রিয়তা কমে যায় এবং জয়েন্টের ব্যথা ও পেশির জড়তা বাড়তে পারে। তাই আবহাওয়া অনুকূলে থাকলে সকালের রোদে বা সুবিধাজনক সময়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা যেতে পারে। ঘরের ভেতরেও হালকা ব্যায়াম, হাত-পা নাড়াচাড়া ও স্ট্রেচিং করা ভালো। তবে হাঁটার সময় পিচ্ছিল রাস্তা ও কুয়াশাচ্ছন্ন পরিবেশ এড়িয়ে চলতে হবে। যাদের হৃদরোগ বা শারীরিক জটিলতা রয়েছে, তারা ব্যায়ামের ধরন ও পরিমাণ চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন।

সংক্রমণ প্রতিরোধে সতর্কতা

শীতে সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। তাই নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, কাশি-হাঁচির সময় মুখ ঢেকে রাখা এবং অসুস্থ ব্যক্তির কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনফ্লুয়েঞ্জা ও নিউমোকক্কাল টিকা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। জ্বর, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ওষুধ ও নিয়মিত পরীক্ষা

প্রবীণদের অনেকেই দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের ওষুধ সেবন করেন। শীতের কারণে ওষুধের মাত্রা নিজের ইচ্ছায় কমানো বা বাড়ানো উচিত নয়। নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। কোনো নতুন শারীরিক সমস্যা দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

মানসিক স্বাস্থ্যের যত্নও গুরুত্বপূর্ণ

শীতের ছোট দিন, কুয়াশা ও ঘরে থাকার প্রবণতা অনেক প্রবীণের মধ্যে একাকিত্ব তৈরি করতে পারে। পরিবারের সদস্যদের উচিত তাদের সঙ্গে সময় কাটানো, গল্প করা এবং পছন্দের কাজে যুক্ত রাখা। নিয়মিত খোঁজখবর নেওয়া ও সামাজিক যোগাযোগ বজায় রাখার সুযোগ তৈরি করাও জরুরি।

মনে রাখতে হবে, প্রবীণদের সুস্থতা শুধু চিকিৎসা বা ওষুধের ওপর নির্ভর করে না; প্রয়োজন নিয়মিত যত্ন, নিরাপদ পরিবেশ ও পরিবারের আন্তরিক সহযোগিতা। একটু বাড়তি সচেতনতা ও পরিচর্যায় শীতের দিনগুলো তাদের জন্য অনেক বেশি স্বস্তিদায়ক ও নিরাপদ করে তোলা সম্ভব।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের প্রবাসী যুবক নিহত

১

কটিয়াদীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

২

ময়মনসিংহের সরকারি ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ

৩

নিকলীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুলিয়ারচরে আন্ত:জেলা চোর ডাকাতসহ গ্রেফতার-৫, মামলা দায়ের

৫

কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

৬

ময়মনসিংহে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃজন হচ্ছে পুলিশের ২৮০ পদ

৭

হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৯

হোটেল কর্মচারী জয়নাল খুন: ১৮ বছর পর রায় ঘোষণা, ৩ জনের যাবজ্জীবন

১০

তাড়াইলে নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ, উপ-নির্বাচনে সংসদ প্রার্থী হওয়ার ঘোষণা লিটনের

১১

বাড়ি ময়মনসিংহ, চাকরি সিলেটে, সেলিনা বললেন— ‘শুধুমাত্র বদলি না হওয়ায় আমার সংসারটা ভেঙে যাচ্ছে’

১২

ভৈরবের বুকে ফের আকাশের ছায়া দেখতে চান ডা. ঊষা

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

১৬

খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা

১৭

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৮

মালয়েশিয়ায় বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

১৯

সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

২০
শিরোনামঃ