শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে দুর্গাপুর দেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।
এ সময় উপজেলা ক্রীড়া সম্পাদক রিয়াজুল করিম রিপন, ছাত্র সমন্বয়ক রাতুল খান রুদ্র, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আহমেদ সাদাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণায়ন কমাতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা করতে হবে এবং সেগুলোর বেড়ে ওঠার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন পর্যায়ে নানা কার্যক্রম চলমান রয়েছে। এসব কার্যক্রম সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করা জরুরি। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী তৈরিতে ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলদ ও পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এসব চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করে।
|
১১ অগাস্ট, ২০২৬