নেত্রকোনা দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
রোববার (৯ আগস্ট) রাতে ঢাকার শ্যামলীর সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন শুভেন্দু সরকার পিন্টুর সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কায়সার কামাল।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি-সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু। উন্নত চিকিৎসার জন্য গত ২৯ জুলাই দুর্গাপুর থেকে ঢাকায় যান তিনি। পরে ৪ আগস্ট সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট ও ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কামরুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি হন।
পরিবারের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁর কিডনিতে সমস্যার কথা জানান এবং অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা বলেন। এ ছাড়া নিয়মিত চিকিৎসা ও ডায়ালাইসিসের বিষয়েও পরামর্শ দেওয়া হয়। এ পরিস্থিতিতে কায়সার কামাল তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং দেশে চিকিৎসা ও অস্ত্রোপচারের বিষয়ে পরামর্শ দেন বলে পরিবার জানিয়েছে।
সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু গণমাধ্যমকে বলেন, সফল অস্ত্রোপচারের জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। চিকিৎসক ও অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতিও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, ব্যস্ততার মধ্যেও কায়সার কামাল তাঁর হাসপাতালে ভর্তি ও চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং অস্ত্রোপচার-পরবর্তী অবস্থার খোঁজ নিতে হাসপাতালে এসেছেন।
মন্তব্য করুন