‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জনবলের ঘাটতির বিষয়টি তুলে ধরে প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানান তারা।
বক্তারা জানান, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে এ খাতের উৎপাদন ও সম্ভাবনা আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।
পরে মৎস্যচাষ ও উৎপাদনে সফল দুই মৎস্যচাষির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর একটি র্যালি বের করা হয়। এছাড়া উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যচাষি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
|
১৮ অগাস্ট, ২০২৬