নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চট্টগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন চুয়েটের ‘প্রজন্ম অ্যাপোলো’
ছবি: খবরের কাগজ
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর চট্টগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দল ‘প্রজন্ম অ্যাপোলো’।
একই সঙ্গে দলটি প্রতিযোগিতার বৈশ্বিক পর্যায়ের চূড়ান্ত পর্বের জন্যও নির্বাচিত হয়েছে।
চুয়েটের এন্ড্রোমিডা স্পেস অ্যান্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশনের (এসরো) সদস্যদের নিয়ে গঠিত দলটির সদস্যরা হলেন- মো. রিদওয়ান করিম রিফাত (টিম লিড ও ডেভেলপার), তাসিন আহমেদ মুবদী (রিসার্চার), মালিহা মারিয়াম সারা (ভিডিও স্ক্রিপ্ট ও রিসার্চার), তৌসিফ আজম রাহিন (ডেভেলপার ও ভিডিও এডিটর), মোহাম্মদ মুহতাসিম খান (ইউআই/ইউএক্স ডিজাইনার) এবং নেওয়াজ শরীফ (রিসার্চার)।
তারা সবাই চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, গত ২৮ অক্টোবর প্রতিযোগিতার বিভিন্ন চ্যালেঞ্জ প্রকাশ করা হয়। পরে ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয় মূল আঞ্চলিক হ্যাকাথন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বব্যাপী ১ লাখ ৮১ হাজার ৮৩৫টি দল এবং বাংলাদেশ থেকে ৪ হাজার ৬৫৭টি দল অংশ নেয়। দেশের মোট ৯টি স্থানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সবশেষ ১৭ নভেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) আয়োজিত বাংলাদেশ পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং পুরস্কার তুলে দেওয়া হয়।
নিজেদের সাফল্যের অনুভূতি জানিয়ে দলের সদস্য মালিহা মারিয়াম সারা বলেন, “চুয়েটের নবীন একটি দল হিসেবে আমাদের এই যাত্রা এতদূর গড়াবে, তা কল্পনাও করিনি। আমাদের কঠোর পরিশ্রম, দলগত সমন্বয় ও নিষ্ঠা শেষ পর্যন্ত সফল হয়েছে, যা আমাদের সবার জন্য এক অবিস্মরণীয় মাইলফলক।”
দলের আরেক সদস্য তৌসিফ আজম রাহিন বলেন, “আমরা কিছু অর্থবহ অর্জনের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে উদ্বিগ্নতা এবং আত্মবিশ্বাস- দুটোকে সঙ্গী করেই নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আমাদের দলের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে শেষ পর্যন্ত সেই আত্মবিশ্বাসকে বাস্তব সাফল্যে রূপ দিতে পেরেছিলাম।”
উল্লেখ্য, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এবার ১৫তম বারের মতো আয়োজিত হচ্ছে। এর আগেও চুয়েট এসরোর দল আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বৈশ্বিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে।
ইবাদ হোসেন/অমিয়/
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সমঝোতা স্মারক স্বাক্ষর
সমঝোতা স্মারক অনুষ্ঠান। ছবি: খবরের কাগজ
শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের ব্যাবহারিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া মতবিনিময় ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আবু সায়েম মো. মোহসীন। সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক সামিয়া জাহান।
অনুষ্ঠানে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আটটি প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট করপোরেশন, মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিগ্যাল ফার্নিচার, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, ইলেকট্রো মার্ট লিমিটেড, এস এস ফুড প্রোডাক্টস এবং গ্রিন এনার্জি বায়োফুয়েল ইন্ডাস্ট্রিজ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার (অ.দা.) মুহম্মদ সাইফুল ইসলাম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন যুগোপযোগী, কারিকুলাম ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন, বিদেশি ভাষা শিক্ষা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
সঞ্জয় সরকার/অলি/
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে: নোবিপ্রবি উপাচার্য
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল ছবি: খবরের কাগজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে এসব কথা বলেন উপাচার্য।
তিনি আরও বলেছেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির পেছনে দূরদর্শী নেতৃত্বের ভূমিকা অপরিসীম। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাবাজার দারুল উলুম হোসাইনিয়া মাদরাসা ও এতিমখানার ২৫০ জন এতিম শিক্ষার্থীর জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি।
শিক্ষার্থীদের সঙ্গে খাবারে অংশ নিয়ে উপাচার্য বলেন, ‘আজকের এই বিশেষ দিনে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে দুপুরের খাবার ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহ যেন আমাদের ইবাদত ও সদকা কবুল করেন এবং সৎ ও হালাল পথে চলার তৌফিক দান করেন। একই সঙ্গে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করেন।’
প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশে স্থিতিশীলতা এসেছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি খাতে প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী পরিকল্পনা ও আন্তরিক পৃষ্ঠপোষকতা আমাদের উজ্জীবিত করছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করেন উপাচার্য।
এর আগে বাদ জুমা নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মওলানা মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া।
কাউসার আহমেদ/অলি/
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ৩ বিভাগ
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, আইন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) নামে তিনটি নতুন বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
চলতি শিক্ষাবর্ষ থেকেই বিভাগগুলোর একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। নতুন বিভাগগুলোর জন্য ১৮ জন শিক্ষক ও ৬ জন কর্মচারীসহ মোট ২৪টি পদের অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তিনটি বিভাগ চালুর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আধুনিক বিশ্বের চাহিদা বিবেচনায় বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অর্থনীতি ও আইন বিভাগেরও অনুমোদন দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন আরও জানান, নতুন তিনটি বিভাগের অনুমোদনসংক্রান্ত খসড়ায় আগের দিনই স্বাক্ষর করা হয়েছে।
নতুন তিনটি বিভাগ চালু হলে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে বিভাগের সংখ্যা বেড়ে দাঁড়াবে সাতটিতে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর সম্প্রসারিত হওয়ার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, সামাজিক বিজ্ঞান ও আইন শিক্ষায় উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে।
এদিকে, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি অধিগ্রহণের সময়সীমাও ঘোষণা করেছেন ইউজিসির এই সদস্য।
তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন করা হবে। এ জন্য মোট ৯৯ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে।
নতুন তিনটি বিভাগের চূড়ান্ত অনুমোদন এবং স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহণের সময়সীমা ঘোষণাকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এসকে রাসেল/রিফাত/
অনির্দিষ্টকালের জন্য গোবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা।
শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাত ১১টায় অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রিজেন্ট বোর্ডের একই সিদ্ধান্তের আলোকে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পত্রে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সব বিভাগ, দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও প্রদান করা হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কবে নাগাদ শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেনি।
এদিকে হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না।
মন্তব্য করুন