কলমাকান্দা প্রতিনিধি : কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, টাকার বিনিময়ে কোনো ভাতা বা কার্ড বিতরণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও বিভাগীয় মামলা করা হবে। কার্ড বিতরণের ক্ষেত্রে প্রান্তিক, ক্ষুদ্র ও প্রকৃত অসহায় কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।

তিনি বলেন, তিন কাঠা জমির মালিক, প্রান্তিক ও অসচ্ছল কৃষকদের আগে কার্ড দিতে হবে। কোনোভাবেই দোতলা ভবনের মালিক কিংবা কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন, এমন ব্যক্তিদের এ সুবিধার আওতায় আনা যাবে না। কার্ড বিতরণে জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে স্বচ্ছ কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি।

ফ্যামিলি ও কৃষি কার্ডকে সরকারের ‘সিগনেচার প্রজেক্ট’ উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের করের অর্থে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়। তাই কৃষকদের তথ্য প্রদান ও সরকারি সেবা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। দায়িত্ব পালনে যারা সততা ও নিষ্ঠা দেখাতে পারবেন না, তাদের স্বেচ্ছায় চাকরি থেকে সরে যাওয়ারও পরামর্শ দেন তিনি।

‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এই নীতি সামনে রেখে হাওর ও পাহাড়বেষ্টিত কলমাকান্দার কৃষির উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মেলার আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল-মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধন শেষে অতিথিরা কৃষি প্রযুক্তি ও বিভিন্ন কৃষি উপকরণের প্রদর্শনী পরিদর্শন করেন।