দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: জীবনে সাফল্যের পাশাপাশি সততা ও নৈতিকতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, পেশাগত জীবনে উন্নতির শিখরে উঠেও নিজেকে দুর্নীতিমুক্ত রাখতে না পারলে স্বাধীনতার প্রকৃত সুফল পাওয়া সম্ভব নয়।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির হলরুমে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের বিখ্যাত রুশ দার্শনিক লিও টলস্টয়ের ‘একজন মানুষের কতটা প্রয়োজন’ গল্পটি পড়ার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘আজ তোমাদের একটি সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদের জন্য একটি বই নিয়ে এসেছি। বইটি বিখ্যাত দার্শনিক লিও টলস্টয়ের।’
তিনি বলেন, বিশেষ করে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিতে লেখা বইটি পড়ার চেষ্টা করতে হবে। প্রয়োজনে ডিকশনারির সহযোগিতা নেওয়া যেতে পারে। বইটি ভবিষ্যৎ জীবন গড়তে শিক্ষার্থীদের অনেক কাজে আসবে বলেও উল্লেখ করেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘একজন মানুষের জীবনে আসলে কতটুকু প্রয়োজন’—বইটি সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে। শিক্ষার্থীদের বইটি একবার নয়, কয়েকবার পড়ার পাশাপাশি এর শিক্ষাকে নিজেদের জীবনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
মানুষের জীবনে প্রয়োজনের সীমা নির্ধারণের ওপর গুরুত্ব দিয়ে ডেপুটি স্পিকার বলেন, অট্টালিকা, বাড়িঘর, সম্পদ কিংবা অন্য কোনো অনৈতিক উপায়ে অর্জিত অর্থের পেছনে না ছুটে একজন মানুষের প্রকৃত প্রয়োজন কতটুকু, তা বুঝতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি। তোমাদের অভিভাবকরাও স্বপ্ন দেখছেন, তোমরা আগামী দিনে সুমানুষ হিসেবে গড়ে উঠবে। সুমানুষ হওয়ার অর্থ হলো—তোমরা নিজ নিজ পেশাগত জীবনে উন্নতির চরম শিখরে উঠবে।’
তিনি বলেন, পেশাগত জীবনে সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে উঠেও যদি নিজেদের দুর্নীতিমুক্ত রাখা না যায় এবং সমাজকে দুর্নীতিমুক্ত করা না যায়, তাহলে পূর্বপুরুষদের অর্জিত স্বাধীন বাংলাদেশের প্রকৃত সুফল পাওয়া সম্ভব হবে না।
আলোচনা শেষে মাদ্রাসা ও স্কুলের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
|
২৪ অগাস্ট, ২০২৬