কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা দিলেই হবে না, তাদের সুমানুষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রেরণা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (২২ আগস্ট) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ইবতেদায়ী পঞ্চম, দাখিল অষ্টম, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের মাধ্যমে অন্য শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য অনুপ্রেরণা তৈরি করাও এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক কিংবা আইনজীবী—যে পেশাতেই যাওয়া হোক না কেন, সবার আগে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ শিক্ষার্থীদের ওপর নির্ভর করছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তারাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ানোর আহ্বান জানান।
অভিভাবকদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, পরিবারের একাধিক সন্তানের মধ্যে একজন ভালো ফলাফল করলে অন্য সন্তানদের পড়াশোনার প্রতিও সমানভাবে নজর দিতে হবে। প্রত্যেক সন্তান যেন নিজের মেধা ও যোগ্যতা অনুযায়ী ভালো করার সুযোগ পায়, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ছাত্র-ছাত্রী হিসেবে নয়, নিজের সন্তানের মতো বিবেচনা করতে হবে। একজন শিক্ষক যেভাবে নিজের সন্তানকে যত্ন নিয়ে পড়ান, একইভাবে শিক্ষার্থীদের প্রতিও দায়িত্বশীল হতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্ব দিয়ে কায়সার কামাল বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ উপজেলায় যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়ে ওঠেনি। তবে কলমাকান্দার সামগ্রিক উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও ফুল তুলে দেন ডেপুটি স্পিকার। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ ছাড়া কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
|
২৪ অগাস্ট, ২০২৬