শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলায় পটকা ফোটানো, বাজি পোড়ানো, আতশবাজি ও তারাবাতিসহ সব ধরনের বিস্ফোরক দ্রব্য তৈরি এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে এ সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ময়মনসিংহ জেলায় মোট ৮১৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
সভায় জেলার বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন