ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখার প্রত্যয়ে কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের বিষয়ে সভায় আলোচনা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টায় জেলা শহরের নগুয়া এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম ও জেলা হিন্দু বিভাগের সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র বসাক।
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন- সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরের সভাপতি রতন কুমার দাস, হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক কাজল দাস, গৌর নিতাই আখড়ার সাধারণ সম্পাদক সুনীল মুদক, মৃদুল কান্তি চৌধুরী, নারায়ণ চন্দ্র সরকার, বিশু কুমার গুপ্ত, রিপন চন্দ্র সূত্রধর ও পলাশ চন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।
মন্তব্য করুন