কিশোরগঞ্জের ভৈরবে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল কাদির (২৭) ও একই এলাকার মনু মিয়ার ছেলে মনিহাজ মিয়া (২০)।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে করে গাঁজার একটি চালান ঢাকায় নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছালে ছাদে অভিযান চালানো হয়।
তিনি জানান, এ সময় ট্রেনের ছাদে বিশেষ কৌশলে রাখা দুই চটের বস্তা থেকে পাঁচটি পোটলায় মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আব্দুল কাদির ও মনিহাজ মিয়াকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
ওসি আরও জানান, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানার পুলিশ বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরে শনিবার সকালে তাঁদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন