ময়মনসিংহের ভালুকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিরুনীয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করে পুলিশে দেওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামের রাসেল সরকারের ছেলে শিপন রানা (৩০), ভালুকা ইউনিয়নের আশকা গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে মোছা. শ্রাবন্তি আক্তার অন্তরা (২২), একই গ্রামের ছালাম শেখের ছেলে মো. মনির শেখ (২৫) এবং মল্লিকবাড়ি ইউনিয়নের ভান্ডাব গ্রামের সুজন আহম্মেদের ছেলে হৃদয় আহম্মেদ শিশির (২২)। এ ঘটনায় আল আমিন কবিরাজ (৩০) নামের আরও একজনকে আসামি করা হয়েছে। তাঁর পিতৃপরিচয় জানা যায়নি।
মামলার এজাহার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে আসামিরা বিরুনীয়া গ্রামের শেখ আক্তারুজ্জামান আপেলের বাড়িতে গিয়ে তাঁর ১৩ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁকে মোটরসাইকেলে তোলার চেষ্টা করা হলে কিশোরীর চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেন। এ সময় একজন পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা কিশোরীকে অন্য একজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছিলেন—এমন দাবিও করেছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় কিশোরীর বাবা মো. আক্তারুজ্জামান আপেল বাদী হয়ে শুক্রবার (২৩ অক্টোবর) ভালুকা মডেল থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, স্থানীয় কয়েকজনের দাবি, গ্রেপ্তার শিপন রানা ‘দৈনিক আলোকিত সকাল’ পত্রিকার সাংবাদিক। তবে তাঁর সাংবাদিক পরিচয়ের বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, এ ঘটনায় অপহরণ মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ‘দৈনিক আলোকিত সকাল’ পত্রিকার কোনো সাংবাদিক রয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়।
মন্তব্য করুন