নেত্রকোণা শহরের আল নূর প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলার কারণে এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রসূতির চাওয়া অনুযায়ী নির্দিষ্ট ও অভিজ্ঞ চিকিৎসক দিয়ে অস্ত্রোপচার (সিজার) না করিয়ে অন্য ডাক্তারকে দিয়ে তা করানোর ফলে নাভি কাটার সময় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয় বলে পরিবার অভিযোগ করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী মা মোসাঃ সামিয়া আক্তার সাবিনা (৩২) নেত্রকোণা মডেল থানায় আল নূর প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তার নুসরাত জাহান মিতুসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় গর্ভবতী মোসাঃ সামিয়া আক্তার সাবিনা শারীরিক জটিলতা নিয়ে মোক্তারপাড়াস্থ আল নূর প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। সেখানে ভর্তি করার সময় পরিবার থেকে নেত্রকোণা সদর হাসপাতালের গাইনী বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ডা. মৌ-কে দিয়ে সিজার করার শর্ত দেওয়া হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাতেই আশ্বাস দেয়।
পরবর্তীতে রাত ১১:০০ ঘটিকার দিকে রোগীকে অবশ করার ইনজেকশন দিয়ে ওটিতে নেওয়া হয়। পরদিন ১৬ অক্টোবর সকাল ৭:০০ ঘটিকায় জ্ঞান ফিরলে স্বজনেরা জানান, সামিয়ার একটি পুত্রসন্তান জন্ম নিয়েছে। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ডা. মৌ-কে না এনে ডাক্তার নুসরাত জাহান মিতুকে দিয়ে অস্ত্রোপচার করানো হয়। অভিযোগ অনুযায়ী, সিজারের পর শিশুর নাভি কাটার সময় অনভিজ্ঞতা ও অবহেলার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটে, যার ফলে শিশুটি মারাত্মক দুর্বল হয়ে পড়ে।
পরিস্থিতির অবনতি হলে নবজাতককে দ্রুত নেত্রকোণা জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে ১৭ অক্টোবর সকাল ১১:০০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। স্বজনেরা শিশুটির লাশ আটকপাড়া থানাধীন দেওগাঁও গ্রামস্থ শ্বশুরবাড়িতে নিয়ে দাফন করেন।
ভুক্তভোগী মা সুস্থ হয়ে পরিবারের সাথে পরামর্শ করে থানায় উপস্থিত হয়ে এই অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন