ময়মনসিংহ নগরীর গোয়ালকান্দি তিনকোনা পুকুর এলাকায় অভিযান চালিয়ে মো. হিমু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার অধীন ২ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা। মঙ্গলবার (২7 অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হিমুর বাড়ি নগরীর কাচিঝুলি সিদ্দিক মাস্টার রোড এলাকায়। তাঁর বাবা মো. জাকারিয়া এবং মা হামেদা খাতুন। অভিযানের সময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম মিয়া জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় নগরীতে চুরি, ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে হিমুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, হিমুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন