নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন।
সভায় মোহনগঞ্জ থানার পক্ষ থেকে এসআই আবদুল লতিফ আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন। এ সময় মাদক, যানজট, হাসপাতালের ব্যবস্থাপনা, জরুরি বিভাগে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি এবং ক্লিনিক মালিকদের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বিভিন্ন ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করার বৈধতা নিয়েও আলোচনা করা হয়। এ ছাড়া মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে রাতে অন্ধকার জায়গায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেসের যাত্রীদের ছিনতাইয়ের শিকার হয়ে মালামাল হারানোর বিষয়টি আলোচনায় আসে।
সভাপতি আমেনা খাতুন আলোচ্য বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মোহনগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল ইসলাম, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, স্টেশন মাস্টার জহিরুল ইসলাম, জিআরপি ফাঁড়ির এসআই মোবারক, ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাসুদ মিয়া এবং ৭ নম্বর গাগলাজুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আশরাফ চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মন্তব্য করুন