ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার অধীন ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মালগুদাম এলাকার বাসিন্দা মৃত কাজী রতন মিয়ার মেয়ে মিতু আক্তার (২৭) ও ললিতা বেগম (৩৪)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রতি কেজি ২০ হাজার টাকা হিসাবে মোট ৩ লাখ ২০ হাজার টাকা।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় এবং ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার উৎস ও সরবরাহব্যবস্থা সম্পর্কে তদন্ত চলছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন