নেত্রকোনার কলমাকান্দায় পদোন্নতি, পদনাম পরিবর্তন এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন করেছেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৪ নভেম্বর) ব্যাংকটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পল্লী সঞ্চয় ব্যাংক একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক। ২০১৪ সালে ‘পল্লী সঞ্চয় ব্যাংক আইন’ অনুযায়ী প্রতিষ্ঠিত ব্যাংকটি সাবেক ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ধারাবাহিকতায় কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশের ৪৯২টি উপজেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এতে প্রায় ১৯ হাজার জনবল কর্মরত রয়েছেন।
মানববন্ধনে বক্তারা গণমাধ্যমকে জানান, ব্যাংকের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে একই পদে দায়িত্ব পালন করলেও পদনাম পরিবর্তন ও পদোন্নতির সুযোগ পাচ্ছেন না। এতে তাঁদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে এবং কর্মস্পৃহায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে তাঁরা মনে করেন। তাঁদের দাবি, জনবল ও কর্মপরিধি বাড়লেও পদোন্নতির সুযোগ সীমিত থাকায় ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
বক্তারা জানান, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের ১২৩তম সভায় পদনাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। পরে প্রস্তাবটি ১৩ নভেম্বর ২০২৪ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়। এ ছাড়া জনবল কাঠামো অপরিবর্তিত রেখে পদোন্নতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে পরিচালনা পর্ষদের ১৩৯তম সভায় সাংগঠনিক কাঠামো অনুমোদনের প্রস্তাব গৃহীত হয়। সেটি ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে বলে তাঁরা জানান।
তবে তাঁদের দাবি, দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো এখনো অনুমোদন পায়নি। ফলে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও হতাশা বাড়ছে। ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল করা এবং সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে প্রস্তাবিত কাঠামো দ্রুত অনুমোদনের প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. শামছুল আরেফিন, নেত্রকোনা জেলা কমিটির সহসভাপতি শেখ ফরিদ আহম্মদ এবং জুনিয়র অফিসার আসমা আক্তার, আশরাফুল আলম ও আবুল কালাম আজাদ।
মানববন্ধন থেকে বক্তারা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত অনুমোদনের দাবি জানান। তাঁদের মতে, এ কাঠামো অনুমোদিত হলে কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির সুযোগ তৈরি হবে এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।
মন্তব্য করুন