প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুর। পাহাড়, নদী, লেক ও সবুজের সমারোহে ঘেরা এ জনপদে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন পর্যটকেরা। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার উপজেলার বিজয়পুরের চিনামাটির পাহাড় এলাকায় স্থাপিত হতে যাচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র।
নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। চিনামাটির পাহাড় পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম পরিচালনার জন্য ১৬টি অস্থায়ী পদ সৃষ্টি এবং দুটি মোটরসাইকেল পরিবহন ও যানবাহন (টিওঅ্যান্ডই) তালিকাভুক্ত করার বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।
মঙ্গলবার (৩ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা-৫ থেকে এ-সংক্রান্ত সরকারি পত্র জারি করা হয়। উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত ওই পত্রে দুর্গাপুরের পর্যটন এলাকা চিনামাটির পাহাড়ে পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল এবং যানবাহনের বিষয়ে সম্মতির কথা জানানো হয়েছে।
দুর্গাপুরের অন্যতম আকর্ষণ বিজয়পুরের সাদামাটির পাহাড় ও চিনামাটির লেক। এ ছাড়া সোমেশ্বরী নদী, রানীখং পাহাড়, গারো পাহাড়ের পাদদেশ, সাধুপাড়াসহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে ছুটির দিন ও বিভিন্ন উৎসবের সময় এসব এলাকায় পর্যটকদের উপস্থিতি বেড়ে যায়।
স্থানীয়দের মতে, পর্যটন এলাকার সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। পর্যটকদের চলাচলে নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের সুরক্ষায় এলাকায় স্থায়ী পুলিশি উপস্থিতির প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।
সংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়িত হলে চিনামাটির পাহাড় ও আশপাশের পর্যটন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পর্যটকেরা দ্রুত পুলিশি সহায়তা পাবেন বলে প্রত্যাশা স্থানীয়দের।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এ অগ্রগতিকে দুর্গাপুরের পর্যটন উন্নয়ন ও জননিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তদন্তকেন্দ্রটির কার্যক্রম দ্রুত চালু করা হবে। এতে পর্যটকেরা আরও নিরাপদ পরিবেশে দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
পর্যটন সম্ভাবনাময় দুর্গাপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে চিনামাটির পাহাড় পুলিশ তদন্তকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের।
মন্তব্য করুন