চুরির অভিযোগে হাত-পা বেঁধে পায়ের তালুতে পেটাচ্ছে একজন, অন্যরা দাঁড়িয়ে দেখছেন, করছেন ভিডিও
×
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের হোসেনপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। নির্যাতনের একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, এক ব্যক্তিকে মাটিতে উপুড় করে শুইয়ে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পায়ের তালুতে আঘাত করছেন ওই নেতা। এ সময় আশপাশে লোকজন ভিড় করে ঘটনাটি দেখলেও কেউ তাঁকে নিবৃত্ত করার সাহস করেননি বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম শরীফুল আলম ওরফে কাজী আলম। তিনি হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারি গ্রামের বাসিন্দা।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরা এক ব্যক্তিকে হাত-পা বেঁধে মাটিতে উপুড় করে রাখা হয়েছে। কাজী আলম এক পা দিয়ে তাঁকে চেপে ধরে লাঠি দিয়ে দুই পায়ের তালুতে একের পর এক আঘাত করছেন। এ সময় নির্যাতনের শিকার ব্যক্তিকে কাতরাতে দেখা যায়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মারধরের ঘটনাটি ঘটেছে দুই দিন আগে। তবে শনিবারই তিনি প্রথম ঘটনার ভিডিও দেখেছেন। এর আগে এভাবে পেটানোর বিষয়ে তিনি জানতেন না।
ওসি বলেন, যাঁকে মারধর করা হয়েছে, তিনি একজন পেশাদার চোর। তাঁকে থানায় সোপর্দ করার পর চুরির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশ্যে এভাবে মারধরের ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে ওসি বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।
ওসি আরও জানান, অভিযুক্ত কাজী শরীফ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন