খালিয়াজুরী সংবাদদাতা : নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পুলিশের অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালিয়াজুরী গ্রামের পুরান হাটি এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খালিয়াজুরী গ্রামের পুরান হাটির শুকুর আলী মিয়া ওরফে দিলা মিয়ার ছেলে মো. সাগর মিয়া (৩০), একই গ্রামের নায়েব আলীর ছেলে মো. আবু হানিফ (৫৫) এবং রসুউদ্দিন মিয়ার ছেলে মো. শাহিন (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল আবু হানিফের বাড়িতে অভিযান চালায়। এ সময় সাগর মিয়া, আবু হানিফ ও শাহিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন গণমাধ্যমকে তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। সাগর মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ও গাঁজার ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, রোববার (৮ নভেম্বর) সকালে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খালিয়াজুরী থানায় মামলা করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁদের নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশঃ ০১:০৫pm, ২০২৬-১১-০৮
আপডেটঃ ০১:০৫pm, ২০২৬-১১-০৮
মন্তব্য করুন