সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশালে মোবাইল কোর্টের অভিযানে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা এবং লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিন প্রতিষ্ঠানের মোট জরিমানার পরিমাণ ৫৫ হাজার টাকা।
রোববার দুপুরে উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ময়মনসিংহ জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ক্ষতিকর ট্যানারি বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে মেসার্স সুজন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একই এলাকার মেসার্স লতিফ ট্রেডার্সের মালিক মানিক মিয়াকে পাঁচ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডিং করপোরেশনের মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন উপস্থিত ছিলেন।
ভেজাল পশুখাদ্য উৎপাদন ও লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকাশঃ ০৬:১৩pm, ২০২৬-১১-০৮
আপডেটঃ ০৬:১৩pm, ২০২৬-১১-০৮
মন্তব্য করুন