হোম
সারাদেশ
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন
শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামের এক চাচা নিহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেন।
– বিজ্ঞাপন –
রোববার (৮ নভেম্বর) বিকেলে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে জিন্নাত আলীর সঙ্গে তার ভাতিজাদের বিরোধ চলছিল। এর জেরে রোববার বিকেলে জসিম, মাজহার ও নজরুলসহ ৪-৫ জন ভাতিজা জিন্নাত আলীর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজন ও স্থানীয় লোকজন অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন