নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন বীর নিবাসে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ করায় ঠিকাদারের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন এক বীর মুক্তিযোদ্ধার মেয়ে। অভিযোগের পরও সংশ্লিষ্ট প্রকৌশলীর আপত্তি উপেক্ষা করে ভবনের ছাদ ঢালাই করা হয়েছে বলে দাবি তাঁর। তিনি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত অংশ ভেঙে মানসম্মত উপকরণে নতুন করে ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
সম্প্রতি দক্ষিণ গফরগাঁও উপজেলার দত্তেরবাজার ইউনিয়নের বিরুই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা ছোহরাব উদ্দিনের মেয়ে মমতাজ বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, তাঁর বাবার নামে নির্মাণাধীন বীর নিবাসে পুরোনো, বাতিল ও নিম্নমানের ইটসহ অনুপযুক্ত নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া রডের পরিমাণ ও সিমেন্টের মিশ্রণেও অনিয়মের অভিযোগ করা হয়েছে। ব্যবহৃত কিছু ইট হাতে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে এবং দেয়ালে লাগানো ইটও সহজে খসে পড়ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মমতাজ বেগমের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারে বাধা দিলে ঠিকাদার ও তাঁর লোকজন দুর্ব্যবহার করেন এবং তাঁকে ভয়ভীতি ও হুমকি দেন। একপর্যায়ে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে লোকজন নিয়ে এসে তাঁকে চাপ প্রয়োগ করা হয় বলেও দাবি করেন তিনি।
মমতাজ বেগম বলেন, ‘প্রথমে এক ট্রাক ভালো মানের ইট আনা হয়েছিল। এরপর যেসব ইট আনা হয়েছে, সেগুলোর অধিকাংশই নিম্নমানের। প্রতিবাদ করলে ঠিকাদার লোকজন নিয়ে এসে হুমকি দেন। বলেন, ঘর তৈরি করছি, এই ঘর নিতে হবে; না হলে ঘর নির্মাণ করা হবে না। পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করি।’
তিনি আরও বলেন, অভিযোগের পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাড়িটি পরিদর্শন করেন। তখন দেয়ালে ব্যবহৃত নিম্নমানের ইট ড্রিল মেশিন দিয়ে কেটে সরিয়ে প্রয়োজনে ঢালাই করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু এতে দেয়াল ও ভবনের স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি।
মমতাজ বেগমের দাবি, অভিযোগ দেওয়ার পরও তাঁর আপত্তি উপেক্ষা করে ছাদ ঢালাই করা হয়েছে। ঘরের বরাদ্দ, নির্মাণকাজের প্রাক্কলন, নকশা ও পরিমাপ সম্পর্কেও তাঁকে বিস্তারিত জানানো হয়নি। তিনি বলেন, ‘সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বীর নিবাস নির্মাণ করে দিচ্ছে। সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হবে কেন? নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত ঘর ভেঙে নতুন করে নির্মাণ না করলে আমি এটি গ্রহণ করব না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল হক ফারুক রেজা প্রথমে বীর নিবাস নির্মাণের তথ্য তাঁর কাছে নেই বলে জানান। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেয়ালে ব্যবহৃত নিম্নমানের ইট কেটে সরিয়ে ঢালাই করে দেওয়া হবে।
অভিযোগের পরও কেন ছাদ ঢালাই করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ছাদে ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। তবে উপজেলায় কতটি বীর নিবাস নির্মাণ হচ্ছে এবং প্রকল্পের মোট বরাদ্দ কত, সে তথ্য তাঁর জানা নেই বলে দাবি করেন।
দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল নাঈম বলেন, অভিযোগের বিষয়ে তিনি অবগত আছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। এ কারণে বিস্তারিত তথ্য দিয়ে সহযোগিতা করতে পারছি না।’
প্রকাশঃ ১২:১০pm, ২০২৬-১১-০৮
আপডেটঃ ১২:১০pm, ২০২৬-১১-০৮
মন্তব্য করুন