শেরপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলা সদর ও হাটবাজার, প্রধান সড়ক, হোটেল-রেস্তোরাঁ ও জনবহুল এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ বেড়েছে। দলবদ্ধভাবে ঘুরে বেড়ানো এবং পথচারীদের তাড়া করার ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন সর্বস্তরের মানুষ। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিদের চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন সড়ক, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এসব কুকুর। রিকশা, সাইকেল ও মোটরসাইকেল চলাচলের সময়ও কখনো কখনো কুকুরগুলো তেড়ে আসে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে চলাচল করতে গিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আলহাজ সরোয়ারদী দুদু মন্ডল, শান্ত শিফাত ও আনোয়ার হোসেন প্রমুখ দৈনিক ইনকিলাবকে জানান, বেওয়ারিশ কুকুরের এমন উপদ্রবে শিশুদের বিদ্যালয়ে যাতায়াত এবং বয়স্ক ব্যক্তিদের স্বাভাবিক চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কুকুরের তাড়া খেয়ে কেউ ভারসাম্য হারিয়ে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাঁদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এদিকে গত সপ্তাহে শেরপুরে পাগলা কুকুরের কামড়ে দেড় শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। কুকুরের কামড়ে আহত অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারও কারও শরীরে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এতে জলাতঙ্কের ঝুঁকি নিয়েও জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা ইনকিলাবকে জানান, বেওয়ারিশ কুকুরের মধ্যে জলাতঙ্কের সংক্রমণের ঝুঁকি রয়েছে। কুকুরের কামড় বা আঁচড়ের পর দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না নিলে মারাত্মক বিপদ হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বেওয়ারিশ কুকুরকে টিকাদানের আওতায় আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, কুকুরে কামড়ালে বা আঁচড় দিলে আতঙ্কিত না হয়ে ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধুয়ে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্কের টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে।
সচেতন মহলের দাবি, জননিরাপত্তা নিশ্চিত করতে বেওয়ারিশ কুকুরের টিকাদান, নিয়ন্ত্রণ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি। অন্যথায় কুকুরের উপদ্রবে সাধারণ মানুষের ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মন্তব্য করুন