কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেত্রকোণার কেন্দুয়ায় দাদন বা সুদের টাকা পাওনাকে কেন্দ্র করে মো. খোকন মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে আটকে রেখে বেধড়ক মারধর ও তাঁর সঙ্গে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন ভাইসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত খোকন মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পার্শ্ববর্তী বাঘবেড় গ্রামের ছফর উদ্দিনের ছেলে শাহিন (৩২), আনিস (৩০) ও বাবু (২৮) এবং জাহাঙ্গীর নামে আরেক ব্যক্তি।
শনিবার (২১ নভেম্বর) বেলা ২টার দিকে সরেজমিনে গিয়ে এসব তথ্য জানা যায়।
আহত খোকন মিয়া হরিনগর গ্রামের মৃত আব্দুল আজিজ ভূইয়ার ছেলে। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মডেল বাজার থেকে মাসকা বাজারে গরু কেনার উদ্দেশ্যে রওনা হন। পথে বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর তাঁকে আটকিয়ে মারধর করা হয় এবং তাঁর সঙ্গে থাকা ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
খোকন মিয়া জানান, অভিযুক্তরা তাঁর কাছে সুদের ২৫ হাজার টাকা পেতো । টাকা পরিশোধে দেরি হওয়ায় তাঁকে আটকে রেখে মারধর করা হয় এবং তাঁর সঙ্গে থাকা ৩ লাখ টাকা নিয়ে যায় অভিযুক্তরা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
ঘটনার সময় পিকআপ গাড়িতে থাকা গরু ব্যবসায়ী গৈচাসিয়া গ্রামের হোসেন ব্যাপারি, মনকান্দা গ্রামের মো. রতন মিয়া ও মো. পাবেল মিয়া পরিস্থিতি সামাল দিতে পারেন নি বলে জানান।
হোসেন ব্যাপারি বলেন, ঘটনার সঙ্গে ছফর উদ্দিনের তিন ছেলে ও জাহাঙ্গীর জড়িত ছিলেন। তিনি বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়।
মো. রতন মিয়া বলেন, খোকন মিয়া ও তাঁরা একসঙ্গে গরুর ব্যবসা করেন। তাঁর কাছ থেকে ২ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে খোকন মিয়া গরু কেনার উদ্দেশ্যে বাজারে যাচ্ছিলেন।
খোকন মিয়ার ভাই আবুল হাসেম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর ভাইকে ধরে নিয়ে বাড়িতে আটকে রাখা হয়েছিল। পরে পুলিশকে খবর দিলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
অভিযুক্তদের একজন শাহিন মিয়ার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন মারধর ও ছিনতাইয়ের ঘটনা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরো বলেন, শেয়ারে ব্যবসার জন্য এক বছর আগে ৫লাখ টাকা দিয়েছিলাম খোকন মিয়াকে। প্রতি মাসে লভ্যাংশের ২৫হাজার টাকা দেয়ার কথা ছিলো । কিন্তু দুই মাস দেয়ার পর থেকে সে আর কোন যোগাযোগ করে না। তাই আমার ভাই তাঁকে জিজ্ঞেস করতে গিয়েছিলো । আর কিছু না ।
কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জলিল মুঠোফোনে খোকন মিয়াকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পান নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন