কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। এর সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে।
দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্রাংক খোলা হয়। এখন চলছে দান করা টাকা গণনার কাজ। গণনা শেষে মোট দানের পরিমাণ জানা যাবে। এবারও আগের দানের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
Advertisements
দানবাক্স থেকে বের করা টাকা প্রথমে বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে শুরু হয় গণনার কাজ। গণনায় মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ৬৮০ জন অংশ নিয়েছেন।
এর মধ্যে জামিয়া এমদাদিয়া মাদরাসার ৩০০ শিক্ষার্থী, পাগলা মসজিদ মাদরাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, পাগলা মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ কর্মচারী রয়েছেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে সাত সদস্যের একটি উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে।
গণনার কাজে সহযোগিতার পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য ও ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন পাওয়া দানের পরিমাণ ছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা। গণনা শেষে ওই টাকা রূপালী ব্যাংকের পাগলা মসজিদের হিসাবে জমা করা হয়। এ ছাড়া সেদিন পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা করে জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।
তিনি বলেন, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে মোট ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। মসজিদের নিজস্ব ওয়েবসাইট (www.paglamosque.org) চালু করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ যেকোনো স্থান থেকে মোবাইল ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিংয়ে দান করতে পারবেন। অনলাইনে এখন পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান পাওয়া গেছে।
জেলা প্রশাসক আরও বলেন, ২০২০ সালের ১১ মার্চের পর প্রায় ছয় বছর ধরে দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা সিলগালা অবস্থায় জেলা ট্রেজারিতে সংরক্ষিত ছিল। গত ১২ অক্টোবর সেগুলো খুলে গণনা করা হয়। এতে ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। পরে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। গণনা করা স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ এবং নিলামের কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই এ কার্যক্রম সম্পন্ন করা হবে।
পাগলা মসজিদে মুসল্লিদের নামাজের স্থান সংকুলান না হওয়ায় সমস্যা নিরসনে ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে তিনটি নামাজের শেড, অযুখানা ও নারীদের জন্য ওয়াশব্লক নির্মাণের কাজ শুরু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর এ কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। মসজিদের বাইরে আগত মুসল্লিদের জন্য পাবলিক টয়লেট নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের অংশ হিসেবে বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি পাগলা মসজিদের নামে কেনা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানান জেলা প্রশাসক।
তিনি বলেন, পাগলা মসজিদের জমাকৃত তহবিল থেকে কমপ্লেক্সের মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করা হয়। এ ছাড়া ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, মসজিদের বিদ্যুৎ বিল এবং উন্নয়ন খাতে ব্যয় করা হয়। জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে কিশোরগঞ্জ জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য অনুদান দেওয়া হয়। পাগলা মসজিদের মাদরাসা থেকে এখন পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।
এর আগে গত ২৭ জুন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে দানের পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। ওই দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে দানের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়েছে। এ কারণে এবারও নির্ধারিত সময়ের চেয়ে বেশি, ৪ মাস ২৪ দিন পর দানবাক্স খোলা হয়েছে।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এ মসজিদে এসে দান করেন। অনেকের বিশ্বাস, পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয়। সেই বিশ্বাস থেকেই দিন দিন বাড়ছে দানের পরিমাণ। পাগলা মসজিদে শুধু টাকা-পয়সা নয়, স্বর্ণালঙ্কার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন পণ্যসামগ্রীও দান করেন মানুষ। অনেকে রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ বিভিন্ন উদ্দেশ্যে মানত করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি সার্বজনীন ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।
বর্তমানে পাগলা মসজিদ দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। মসজিদে দান করা অর্থ দিয়ে মসজিদ, মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া প্রায় ১১৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। নির্মিতব্য এ কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য পৃথকভাবে পাঁচ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে।
জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে বর্তমান মসজিদের স্থানে এসে অবস্থান নেন। পরে তাঁকে ঘিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে। তাঁর মৃত্যুর পর সমাধির পাশে নির্মিত হয় মসজিদটি, যা বর্তমানে পাগলা মসজিদ নামে দেশজুড়ে সুপরিচিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ স্টেটের মাধ্যমে ঐতিহাসিক এ মসজিদটি পরিচালিত হয়ে আসছে।
মন্তব্য করুন