কিশোরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। এ সময় তাঁদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে এসআরবি।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৫ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানার পশ্চিম তারাপাশা মনিপুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কয়েকজন মাদক কারবারির অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে পিয়াস চন্দ্র বর্মন (২০) ও মো. সবুজ মিয়া (৩৫) নামে দুজনকে আটক করা হয়। তবে মো. বাদশা (২৮) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে আটক দুজনের দেহ তল্লাশি করে তাঁদের প্যান্টের পকেট থেকে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
এসআরবির দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে কেনাবেচা করে আসছিলেন।
গ্রেপ্তার দুজন ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন