বারহাট্টায় ধর্ষণ মামলায় নতুন মোড়, তদন্তে নজর
প্রতীকী ছবি
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর লম্বাপাড়া গ্রামের আলোচিত কিশোরী ও তার নবজাতককে ঘিরে ধর্ষণ মামলায় নতুন মোড় এসেছে। নবজাতকের পিতা হিসেবে ওই কিশোরী নিজের দাদা মোশারফের নাম উল্লেখ করে বক্তব্য দিয়েছে। তার বাবা তোফাজ্জল হোসেনও স্থানীয় সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে একই দাবি করেছেন।
সাক্ষাৎকারে তোফাজ্জল হোসেনের বক্তব্য অনুযায়ী, নবজাতকের পিতা তার মেয়ের দাদা মোশারফ। নবজাতকের চেহারার সঙ্গে মোশারফের চেহারার মিল রয়েছে বলেও দাবি করেন তিনি। সম্পর্কে মোশারফ তোফাজ্জল হোসেনের মামা, যাঁকে কিশোরী দাদা বলে ডাকে। আগে কেন মোশারফের নাম বলেননি—এমন প্রশ্নে তোফাজ্জল হোসেন বলেন, আত্মীয় হওয়ায় লজ্জায় বিষয়টি চেপে রেখেছিলেন; তবে পরীক্ষা করলে প্রকৃত তথ্য মিলবে।
এদিকে, এ ঘটনায় একই গ্রামের কিবরিয়া নামের এক যুবক প্রায় তিন মাস কারাভোগ করেন। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন ও আদালতের প্রক্রিয়ার পর তিনি জামিন বা মুক্তি পান বলে জানা গেছে। নতুন করে মোশারফের নাম সামনে আসায় এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে কিশোরী বলে, তার সন্তানের বাবা মোশারফ; তিনি তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। অন্তঃসত্ত্বা হওয়ার পর মোশারফ কিবরিয়ার নাম বলতে বলেছিলেন বলে দাবি করে সে এর বিচার চেয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, পুলিশের কাছেও মোশারফের বিষয়ে ওই কিশোরী বক্তব্য দিয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে, তবে এখনো আদালতের আদেশ পাওয়া যায়নি।
পুলিশের বক্তব্য অনুযায়ী, মোশারফকে ঘিরে নতুন অভিযোগের বিষয়ে আদালতের আদেশ এখনো হয়নি; বিষয়টি তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।
উল্লেখ্য, ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে কিশোরী ও তার নবজাতকের চিকিৎসা, ন্যায়বিচার ও মানবিক সহায়তার দাবিতে বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন ও সংবাদ প্রকাশসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন এবং চিকিৎসায় সহযোগিতা করেছেন।
নতুন করে সামনে আসা বক্তব্যের সত্যতা, ডিএনএ পরীক্ষার ফলাফল, তদন্তের অগ্রগতি এবং আদালতের পরবর্তী আদেশের দিকে তাকিয়ে আছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন