প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন, এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে বর্তমান সরকার। এই লক্ষ্যে এসএমই নীতিমালাও প্রণয়ন করা হচ্ছে শিগরিরই।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য হাতে নিয়েছে সরকার।
আজ রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান প্রধান মন্ত্রী তারেক রহমান।
দেশের তরুণদের উদ্দেশে এ সময় প্রধান মন্ত্রী বলেন, ‘বছরের পর বছর চাকরি না খুঁজে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘এসএমই নীতিমালা প্রণয়ন করছে সরকার এবং তা শিগগিরই বাস্তবায়ন করা হবে।’
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬ শুরু হয়েছে আজ রোববার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন তিনি।
পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো- বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে এ মেলার আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান ও দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন এ মেলায়।
মন্তব্য করুন