গবেষণালব্ধ ফলাফল শিল্প ও বাণিজ্যিক খাতে প্রয়োগ এবং উদ্ভাবনী প্রযুক্তির সম্প্রসারণে ১০টি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণে পারস্পরিক সহযোগিতা জোরদার করতেই এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালায় এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. এ কে এম আহসান কবীর।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. এ কে এম আহসান কবীর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও বর্তমান কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে দেশের ও দেশের বাইরের মোট ৬১১টি প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির সমঝোতা স্মারক রয়েছে।
কর্মশালায় যেসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেগুলো হলো—ন্যাশনাল এগ্রি কেয়ার ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড, এসিআই পিএলসি, আকিজ ডেইরি লিমিটেড, প্রাণ ডেইরি লিমিটেড, ডুয়ালটেক পাওয়ার ইঞ্জিনিয়ারিং, উস্তার এগ্রো সলিউশন প্রাইভেট লিমিটেড, স্বর্ণলতা এগ্রো ফিশারিজ লিমিটেড, পূবালী ব্যাংক পিএলসি এবং নেক্সটজেন বায়োফিড।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, “বাকৃবির সঙ্গে একযোগে কাজ করতে এগিয়ে আসা প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইতোমধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাকৃবির চুক্তি চলমান রয়েছে। আজ আরো ১০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হলো।”
গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। পারস্পরিক সমন্বয় ছাড়া কোনো প্রযুক্তিই কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন বলেন, “গবেষণার বাণিজ্যিকীকরণে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জরুরি। এ ক্ষেত্রে বিদ্যমান দূরত্ব আগামী এক বছরের মধ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর মাধ্যমে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। আজকের আয়োজনের চারটি উদ্দেশ্য হলো—একাডেমিয়া ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধি, শিক্ষাক্রম হালনাগাদ, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো এবং গবেষণার বাণিজ্যিকীকরণ নিশ্চিত করা।”
তিনি আরো বলেন, “ইতিহাসে প্রথমবারের মতো সরকার শিক্ষা খাতে ২ শতাংশ বাজেট বরাদ্দ রেখেছে, যা আগামী বছর ৩ শতাংশে উন্নীত হবে। আগামী বছর কৃষি খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হবে।”
গবেষণালব্ধ ফলাফল দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, “অর্থনীতির দুরবস্থা মোকাবিলায় গার্মেন্টসশিল্পের ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষি খাতকে এগিয়ে নিতে হবে। সরকারের ইনোভেশন ফান্ডে গবেষণার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে, যা গবেষকদের জন্য উন্মুক্ত।”
কর্মশালার দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘গবেষণালব্ধ শিল্পোন্নয়ন: কৃষি গ্র্যাজুয়েটদের ভূমিকা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গবেষণার বাণিজ্যিকীকরণ, শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ এবং কৃষি গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। অতিথিরা তাদের প্রশ্নের উত্তর দেন।
মন্তব্য করুন