Friday, February 13, 2026
spot_img
Home খেলাধুলা পৌষের শেষ দিনে ফুলবাড়ীয়ায় গুডি খেলার রোমাঞ্চ

পৌষের শেষ দিনে ফুলবাড়ীয়ায় গুডি খেলার রোমাঞ্চ

13

    নিজস্ব সংবাদদাতা: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী গুডি খেলার ২৬৭-তম আসর অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে লাখো দর্শক ও হাজার হাজার খেলোয়াড়ের উপস্থিতিতে অনুষ্ঠিত এই খেলা স্থানীয় ঐতিহ্য ও জনজীবনের অঙ্গ হিসেবে প্রতিষ্ঠিত।

গুডি খেলা শুরু হয় বিকেল ৩ টায় ফুলবাড়ীয়া উপজেলার দশমাইল অদূরে ভাটিপাড়া গ্রামের বড়ই আটা বন্দের ‘স্থল’ থেকে। বর্তমান ব্যবহৃত গুডিটি পিতলের তৈরি এবং প্রায় ২১ কেজি ওজনের। খেলার মূল বিষয় হলো গুডিটি কৌশলে নিজ এলাকায় নিয়ে গিয়ে লুকানো। কখনও কখনও খেলা ১০-১৫ ঘন্টা পর্যন্ত চলতে পারে। গতবার খেলা প্রায় ৯ ঘন্টা ধরে চলে এবং গুডিটি প্রায় ৫ কিমি দূরে নিয়ে যাওয়া হয়।

এই খেলার সবচেয়ে বড় আকর্ষণ হলো স্থানীয় দলগুলোর প্রতিযোগিতা। দীর্ঘ তিন বছর ধরে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে পূব্বা দল, যার উপদলগুলো কালিবাজাইল, কাটাখালী, চরকালিবাজাইল, শুভরিয়া, মাঝিহাটি, দলিরপাড়, গোপালনগর, বইলর ও উজান দাসপাড়া। এছাড়া দক্ষিণা, পশ্চিমা ও উত্তইরা দলও খেলায় অংশগ্রহণ করে।

গুডি খেলার ইতিহাস প্রায় ২৬৭ বছর পুরনো। তৎকালীন মুক্তাগাছা ও বইলরের জমিদাররা জমির পরিমাপ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য এই খেলার আয়োজন করেছিলেন। সেই থেকে প্রতি বছর সুশৃঙ্খলভাবে একই স্থানে ও একই তারিখে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

খেলার নিয়ম খুবই স্বতঃস্ফুর্ত ও অপ্রচলিত; কোনো রেফারি নেই, নির্দিষ্ট মাঠ নেই। লাখো জনতা ও হাজার হাজার খেলোয়াড় প্রায় ১০-১৫ বর্গকিলোমিটার এলাকা ঘুরে গুডি খেলে। খেলায় বিজয়ী দল পরবর্তী এক বছর গুডিটি রাখে, যা ঐ দলের শক্তি ও প্রতীক হিসেবে গণ্য হয়।

খেলার সময় স্থানীয় জনগণ বিশেষ খাদ্য, দেশীয় বাদ্যযন্ত্র (ঢোল, সানাই, করতাল, বাঁশি, ভুভুজেলা), রং-বেরঙের পতাকা ও প্রতীক নিয়ে হাজির হন। এতে এলাকার মানুষের মিলনমেলা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খেলা শুধু ফুলবাড়ীয়া নয়, ত্রিশাল, ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা উপজেলার মানুষও অংশ নেন। প্রবাসিরাও এই সময় দেশে ফিরে খেলা দেখেন।

গুডি খেলার আয়োজন ও পরিচালনায় স্থানীয় সংগঠকরা বলেন, খেলাটি একদিকে ঐতিহ্য, অন্যদিকে লাখো মানুষের আবেগের মিলনমেলা। ঈদের আনন্দের থেকেও বেশি উৎসবমুখর পরিবেশ থাকে খেলার দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here