আসন্ন বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা অভিরুপ সরকার। তিনি সন্দীপ কুমার সরকারের বড় ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বর্তমানে অভিরুপ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকেন। পাশাপাশি তিনি জগন্নাথ হল শাখা ছাত্রদলের কর্মী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
আমন্ত্রণপত্র অনুযায়ী, আগামী বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সামরিক সচিবের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে অভিরুপকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন অভিরুপ। জগন্নাথ হলে তাঁর উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং রাষ্ট্রগঠনে তাঁদের ভূমিকা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার প্রচেষ্টা।
এ লক্ষ্যে জগন্নাথ হলের কয়েকটি নির্ধারিত স্থানে তাঁদের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে ব্যানার প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ তৈরি এবং ইতিহাসভিত্তিক আলোচনা উৎসাহিত করার চেষ্টা করা হয়েছে।
এ ছাড়া ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার অংশ হিসেবে জগন্নাথ হলে ১০৮টি শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণের উদ্যোগ নেন অভিরুপ। আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধনের মাধ্যমে তাঁদের কক্ষে কক্ষে গিয়ে গীতার কপি পৌঁছে দেওয়া হয়। তাঁর পারিবারিক উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় সাহিত্য পাঠ ও আধ্যাত্মিক জ্ঞানচর্চার সুযোগ বাড়ানো।
পড়াশোনার পাশাপাশি ইতিহাসচর্চা, ধর্মীয় সাহিত্য বিতরণ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক পরিবেশে শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে অবদান রাখার চেষ্টা করছেন তিনি।
অভিরুপের বঙ্গভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার খবরে তাঁর পরিবার ও পরিচিতজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টিকে একজন তরুণ শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন